বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আবেগের, গৌরবের, আবার টানাপোড়েনেরও। তাই আমাদেরই বুঝতে হবে অন্যের হূদয়ের ব্যথা। দৃঢ় করতে হবে মৈত্রীর বন্ধন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় ঐতিহ্যবাহী টালিগঞ্জ ক্লাবের উন্মুক্ত মঞ্চে আয়োজিত মৈত্রী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রীর বন্ধন দৃঢ় করতে কলকাতায় এই উৎসবের আয়োজন করে ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। তাদের সঙ্গে আছে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো।উদ্বোধনী ভাষণে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ ও ভারত, আমরা সুখে-দুঃখে পাশাপাশি আছি। বাংলাদেশের দোয়েলের শিস আপনাদের কানে এসে যদি পৌঁছায়, নিশ্চয়ই আপনাদের বুক দুলে ওঠে। আবার আপনাদের সাফল্যের খবর আমরা যখন পাই, আমরাও আনন্দে মেতে উঠি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক অমোচনীয় আবেগে বাঁধা। আমাদের আছে অভিন্ন ইতিহাস, আছে অভিন্ন সংস্কৃতির উত্তরাধিকার। রবীন্দ্রনাথ আমাদের আর আপনাদের জাতীয় সংগীতের রচয়িতা। জীবনানন্দ দাশ আমাদের, আপনাদেরও। কাজী নজরুল ইসলাম আপনাদের, আবার আমাদেরও। আব্বাসউদ্দীন, লালন, হাসন রাজা, ওস্তাদ আলাউদ্দীন, পণ্ডিত রবিশঙ্কর আপনাদের-আমাদের সবার। এত সব গৌরবের মধ্যেও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আছে। তাই আমরা দুই দেশের মধ্যে বন্ধুত্ব চাই। তাই রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্ব কার্যকর করতে চাইলে মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে হবে।’ তিনি বলেন, ‘আপনাদের টেলিভিশন আমরা দেখি। আপনারাও একটু বাংলাদেশের চ্যানেল দেখুন। পরস্পরের কাছাকাছি আসার পরই আমরা বুঝতে পারব, কার হূদয়ে কী বেদনা। কেন বাংলাদেশ তিস্তার পানি চায়, কেন আপনারা নিরাপত্তার ব্যাপারে এত জোর দিয়ে থাকেন।’মতিউর রহমান বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমরা চাই ভারত ভালো থাকুক, বাংলাদেশও ভালো থাকুক। সবাই মিলে ভালো থাকতে হবে আমাদের।’অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রথম আলো ও টাইমস অব ইন্ডিয়ার এই উদ্যোগ আমাদের দুই দেশের মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করবে।’ তিনি অনুষ্ঠানে গীতাঞ্জলি থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনান। একই সঙ্গে সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারা জীবন নাটকের অংশবিশেষ পাঠ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লোপামুদ্রা মিত্র ও রেজওয়ানা চৌধুরী বন্যা। লোপামুদ্রা ও বন্যার গানের সুরে ভেসে যান উপস্থিত শ্রোতারা। দুই শিল্পী দ্বৈত কণ্ঠে একটি রবীন্দ্রসংগীত শোনান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রজিত মিত্তার।