কলকাতায় হবে বাংলাদেশ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বই নিয়ে পাঁচ দিনের মেলা। কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় এই মেলা বসবে। এতে ৩০টি স্টল থাকবে। এর মধ্যে ২৯টি প্রকাশনা ও একটি সমিতির স্টল।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।বাংলাদেশের বই নিয়ে কলকাতায় এর আগে এত বড় মেলার আয়োজন হয়নি। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ বাংলাদেশ ও কলকাতার লেখক, কবি, সাহিত্যিকেরা উপস্থিত থাকবেন।গতকালের সংবাদ সম্মেলনে প্রকাশক সমিতির সাবেক সভাপতি মফিদুল হক, সভাপতি মহিউদ্দিন আহমেদ, সহসভাপতি ওসমান গনি, নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, পরিচালক (মেলা) আখতারুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় ১৪ অক্টোবর বিকেলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন থাকবে। ‘বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা ও আমাদের মুক্তিযুদ্ধ’ শিরোনামের এ অনুষ্ঠানে মূল আলোচক থাকবেন শাহরিয়ার কবির। অনুষ্ঠানে অংশ নিতে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্যসচিব, বাংলা একাডেমীর মহাপরিচালকসহ আরও অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, নবনীতা দেবসেন, যোগেন চৌধুরী, চলচ্চিত্রনির্মাতা গৌতম ঘোষ প্রমুখকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান ফরিদ আহমেদ। মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। এতে অংশ নিচ্ছে অনন্যা, অন্যপ্রকাশ, সময়, অনুপম প্রকাশনী, অন্বেষা, সাহিত্য প্রকাশ, একুশে বাংলা প্রকাশন, অবসর প্রকাশনা সংস্থা, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, বিদ্যা প্রকাশ, মাওলা ব্রাদার্স, শিখা প্রকাশনী, পার্ল পাবলিকেশনস, নালন্দা, বাংলা প্রকাশ, সিসটেক পাবলিকেশনস, বাঁধন পাবলিকেশনস, শুদ্ধস্বর, অঙ্কুর প্রকাশনী, জিনিয়াস পাবলিকেশনস, সন্দেশ, সদর প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, প্রথমা প্রকাশন, সংঘ প্রকাশন, বিজয় ডিজিটাল ও র‌্যামন পাবলিশার্স।প্রাচ্যনাটের নতুন নাটক ‘মায়ের মুখ’বর্তমান সময়ে আমাদের সমাজে নারীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, সে সমস্যা সারা বিশ্বেই আছে। মেয়েদের কৈশোর, যৌবন, বিবাহিত জীবনসহ নানা দিকের সমস্যাগুলো সমসাময়িক। সমস্যাগুলো অবাস্তব নয়, নিয়মিতই ঘটছে। বর্তমান সময়ে মেয়েদের এমন সমস্যাগুলো উঠে এসেছে প্রাচ্যনাটের নতুন নাটক মায়ের মুখ-এ। গতকাল শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে মায়ের মুখ নাটকটির প্রদর্শনী হয়। আরনল্ড ওয়েস্কারের লেখা ফোর পোর্ট্রেট অব মাদারস অবলম্বনে এটি অনুবাদ করেছেন মুম রহমান। নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম। মায়ের মুখ নাটকে চারটি স্বগতোক্তির সমন্বয়ে মাতৃত্বের কথা বলা হয়েছে, যেখানে শিল্পীরা নিজ নিজ অবস্থানে থেকে বলে গেছেন তাঁদের কথা, জানিয়েছেন অনুভূতি। রুথ, নাওমি, মিরিয়াম ও ড্রেবা একই সঙ্গে নারীত্ব এবং মাতৃত্বের চার সময়ের চারটি ভূমিকা পালন করেছেন। গত ২৪ সেপ্টেম্বর জার্মান সাংস্কৃতিক কেন্দ্র নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুসি তৃপ্তি গোমেজ, ঋতু সাত্তার, জয়িতা মহলানবিশ ও সাদিকা পারভিন।