কলকাতায় হিলারি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কলকাতায় পৌঁছেছেন। আজ রোববার বেলা একটার দিকে বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছেন তিনি। কলকাতায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। দুই দিনের সফরে তাজ বেঙ্গল হোটেলে থাকবেন তিনি।এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হিলারি ঢাকা ছাড়েন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বেইজিং থেকে দুই দিনের সফরে ঢাকায় আসেন হিলারি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সফরের প্রথম দিন তিনি আনুষ্ঠানিক বৈঠক করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। আনুষ্ঠানিক বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী অংশীদারি সংলাপের যৌথ ঘোষণায় সইও করেন।সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। প্রথমে দীপু মনি ও হিলারি ক্লিনটন বক্তব্য দেন। এরপর বাংলাদেশের দুজন ও যুক্তরাষ্ট্রের দুজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন হিলারি ক্লিনটন।যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি এ দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সুশাসনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো বিশ্বাসযোগ্য উপায়ে সমাধানের পক্ষে মত দিয়েছেন।গতকাল রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন হিলারি। গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। সাক্ষাত্কালে খালেদাকেও সংলাপের কথা বলেন হিলারি।আজ সকালে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে বৈঠক করেন হিলারি। মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার গুলশানের বাসায় সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হয়।এরপর রাজধানীর আইএসডি স্কুলে ‘বাংলাদেশের সাথে আড্ডা’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। বেলা ১১টার দিকে শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন হিলারি।