কলকাতায় ‘ইতিহাস কথা কয়’
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কলকাতার আইসিসিআরের (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসনস) বেঙ্গল গ্যালারিতে বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলির ওপর ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। পলাশির যুগ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী ৩৬০টি আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। চট্টগ্রামের আলোকচিত্র সংগ্রাহক শাহাবুদ্দিন মজুমদারের সংগৃহীত ছবি দিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে আইসিসিআর এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন যৌথভাবে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং আইসিসিআরের সহসভাপতি ভারতী রায়। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম।এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিবাহী কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করেন কলকাতার বিশিষ্টজনেরা।