কলকাতায় ‘বাংলাদেশ উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস সামনে রেখে ১৬ ডিসেম্বর কলকাতায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে এবং উপ-হাইকমিশন চত্বরে আয়োজিত এই উৎসব চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এবার এই উৎসব চতুর্থ বছরে পা দিচ্ছে। গতকাল বিকেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান।এই উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য নিয়ে উপস্থিত থাকবে ২৬টি প্রতিষ্ঠান। গত উৎসবের মতো এবারও এই উৎসবে মিলবে ঢাকাই জামদানি, টাঙ্গাইলের তাঁত, রাজশাহী সিল্ক, বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য, প্রসাধনী, বইসহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য। আরও মিলবে বাংলাদেশি ইলিশের রকমারি রান্না, ভুনা খিচুড়ি, কাচ্চি বিরিয়ানি, যশোরের দেবুর সন্দেশ, বাংলাদেশের পিঠাসহ অন্যান্য খাবার।এদিকে পাঁচ দিনব্যাপী আয়োজিত এই উৎসবের প্রতিদিনই থাকছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের লোকগীতি, ভাওয়াইয়া, বাউল, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, আধুনিক গান ও নৃত্যানুষ্ঠান।বাংলাদেশ থেকে এই উৎসবে যোগ দিচ্ছেন শিল্পী ফরিদা পারভীন, খায়রুল আনাম, ফাহমিদা নবী, আইয়ুব বাচ্চু, অদিতি মহসিন, শামা রহমান, কুষ্টিয়ার লালন একাডেমি, চট্টগ্রামের সংগীত ভবন এবং ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনের শিল্পীরা। এ ছাড়া কলকাতার শিল্পীদের মধ্যে থাকছেন হৈমন্তী শুক্লা, শ্রাবণী সেন, লোপামুদ্রা মিত্র প্রমুখ।