কলকারখানায় নাশকতারোধে সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকারখানায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে জনগণকে সহযোগিতা করতেও আহ্বান জানান। আজ রাজধানীর হোটেল রূপসী বাংলায় তিন দিনব্যাপী বস্ত্রমেলা ২০১২ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী যেকোনো দুর্ঘটনায় শ্রমিকদের নিরাপদ নির্গমন নিশ্চিত করতে কলকারখানার মালিকদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রীর দাবি, ‘অতীতের চেয়ে কলকারখানায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এর পরও কেউ যাতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে উত্পাদন বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’শেখ হাসিনা যেকোনো শিল্পকারখানা স্থাপনের সময় পানি সংরক্ষণাগার নির্মাণের জন্য মালিকদের পরামর্শ দিয়ে বলেন, পানির অভাবে অনেক সময় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় না।প্রধানমন্ত্রী বলেন, দেশে বস্ত্রের প্রচুর চাহিদা রয়েছে। বছরে প্রায় ছয় বিলিয়ন ডলারের বস্ত্র আমদানি হয়। তিনি বলেন, সরকার ডেনিমসহ বিভিন্ন বস্ত্র রপ্তানি করে প্রায় দুই বিলিয়ন ডলার আয় করে। বস্ত্র উত্পাদনে সরকারের সামর্থ্য আরও বাড়াতে হবে এবং এ জন্য বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) পঞ্চমবারের মতো এই দ্বিবার্ষিক প্রদর্শনীর আয়োজন করে। মেলার ৪০টি স্টলে ২৪টি মিলের তৈরি বস্ত্রসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার কোনো প্রবেশ ফি নেই।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ চৌধুরী ও বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আল আমিন বক্তব্য দেন। বিটিএমএ উপদেষ্টা জি কে এম তৌফিক হাসান দেশের বস্ত্র খাতের ওপর মাল্টিমিডিয়া প্রদর্শন উপস্থাপন করেন।অনুষ্ঠানের শুরুতে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ১১১ জন ও চট্টগ্রামে উড়াল সড়কের গার্ডার ভেঙে নিহত ১২ জনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।