কলতাবাজারে সক্রিয় পঞ্চায়েত
ঢাকার নওয়াববাড়ির আওতায় থাকা পঞ্চায়েতগুলো একটা সময় পুরান ঢাকার উন্নয়ন ও এলাকাবাসীর নাগরিক জীবনের সমস্যা সমাধানে কাজ করত। সেই পঞ্চায়েতগুলো নেই। এখন এলাকাভিত্তিক যেসব পঞ্চায়েত টিকে আছে, সেগুলোর কার্যক্রম খুব একটা নেই। তবে এই সময়েও এলাকাবাসীর সেবায় অনন্য উদাহরণ তৈরি করেছে কলতাবাজার পঞ্চায়েত কমিটি। এই পঞ্চায়েতের কার্যক্রম নিয়ে লিখেছেন আজহার হোসেন।দারিদ্র্য বিমোচন প্রকল্পকলতাবাজারের হাজি আবদুল মজিদ লেনে দেখা মেলে একটি সাইনবোর্ডের। তাতে বেশ বড় করে লেখা ‘কলতাবাজার পঞ্চায়েত বাড়ি’। এতে আরও লেখা রয়েছে ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প-০১’। এই প্রকল্পের আদ্যোপান্ত খুঁজতে বাড়ির ভেতর ঢুকে পড়া। সেখানে ছিলেন কলতাবাজার পঞ্চায়েতের কর্মী ফখরুল ইসলাম। তিনি ঘুরেফিরে দেখালেন বাড়িটি। চার ইউনিটের পাঁচতলা এই বাড়িটিতে ২০টি পরিবারের আবাস। এ ছাড়া সামাজিক কাজে এলাকাবাসীর জন্য আছে সংরক্ষিত একটি কক্ষ।পঞ্চায়েতের সামাজিক এই বাড়ি তৈরির পেছনের ঘটনা শোনাতে ফখরুল ইসলাম নিয়ে যান কলতাবাজার পঞ্চায়েতের মুরব্বিদের কাছে। পঞ্চায়েতের কার্যালয়ে কথা হয় মোহাম্মদ সেলিম, তৌহিদুর রহমান আসলাম, শাহ আলম মাজু আর শফিক উদ্দিন আহমেদের সঙ্গে। এর মধ্যে কলতাবাজার পঞ্চায়েতের সভাপতি মোহাম্মদ সেলিম জানান, সামাজিক বাড়ির ধারণাটি নেওয়া হয় ২০০৪ সালে। কিন্তু এর পেছনের ইতিহাস অন্য রকম। ২০০১ সালে কলতাবাজার পঞ্চায়েত কমিটিতে আসে নতুন নেতৃত্ব। সে সময় দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় নেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের প্রকল্প। ২০০১ সালের রমজান মাসে এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের এই প্রকল্পের মাধ্যমে ২২০টি পরিবারের মধ্যে রমজানে ব্যবহার করার জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই প্যাকেজে চাল, ডাল, ময়দা, লবণ, চিনি, গুঁড়ো দুধ, চা-পাতা ও সাবান বিতরণ করা হয়। উন্নয়নের ধারাবাহিকতায় এখন এই প্রকল্পে পরিবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫০টিতে। ২০০১ সালের এ প্রকল্পটি বাস্তবায়ন করতে পঞ্চায়েত কমিটিকে বিরাট অঙ্কের ঋণ করতে হয়। পরের বছর এলাকার বিত্তশালীদের কাছ থেকে জাকাত আর কোরবানির চামড়া বাবদ পাওয়া টাকায় দারিদ্র্য বিমোচন কর্মসূচির তহবিল গঠন করা হয়। পঞ্চায়েত কমিটির সমাজকল্যাণের কাজ আরও বেগবান করতে দরকার হয় একটি স্থায়ী ও শক্তিশালী তহবিলের। তাই তহবিল বাড়াতে ২০০২ সালে কলতাবাজারের ৬২ নম্বর হাজি আবদুল মজিদ লেনের একখণ্ড জমি পঞ্চায়েত কমিটি কিনে নেয়। জমি কেনায় সহায়তা করেন এলাকার বিত্তবান বাসিন্দারা। এ ছাড়া কলতাবাজার পঞ্চায়েত কমিটির মালিকানায় চকবাজারের মোলভীবাজারে দুটি দোকানঘর ছিল। দোকান দুটি বিক্রি করে যে টাকা আসে তা দিয়ে শুরু হয় নির্মাণকাজ। জাকাত ও কোরবানির চামড়ার টাকা তো ছিলই। জমিটিতে নির্মাণ করা হয় পাঁচতলা ভবন। উদ্দেশ্য, বাড়ি থেকে প্রাপ্ত ভাড়ার টাকায় এলাকার ধারাবাহিক উন্নয়ন করা।গত বছর ওই বাড়ির নির্মাণকাজ শেষ হয়। এখন ২০টি ফ্ল্যাট থেকে মাসিক আয় হয় এক লাখ ২৫ হাজার টাকা। এই আয় থেকে পঞ্চায়েত কমিটির কার্যক্রম চলছে। তবে সামাজিক বাড়ি থেকে এলাকাবাসীও সেবা পাচ্ছেন। স্থানীয় অসচ্ছল বাসিন্দারা স্বল্প ভাড়ায় সামাজিক বাড়িতে থাকতে পারছেন। আবার নিজের বাড়ি রক্ষণাবেক্ষণ বা উন্নয়নের সময় সামাজিক বাড়িতে ভাড়ায় উঠতে পারেন স্থানীয় বাড়ির মালিকেরা।পঞ্চায়েত বাড়ির পাশেই নির্মাণকাজ চলছিল একটি ভবনের। সেই বাড়ির বাসিন্দারা উঠেছেন পঞ্চায়েত বাড়িতে। বাড়ির বাসিন্দা বিবি রাহেমা বলেন, ‘নিজেদের বাড়ি ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। ভাড়াবাড়ি খোঁজা, ভালো বাড়িওয়ালা পাওয়া ঝামেলার ব্যাপার। কিন্তু এলাকার সামাজিক বাড়িতে উঠেছি বলেই ঝামেলামুক্ত আছি।’পঞ্চায়েতের নিজেদের সম্পদের মাধ্যমে এলাকার উন্নয়ন ছাড়াও রয়েছে ব্যক্তিমালিকানাধীন সম্পদ উন্নয়নের প্রকল্প। এলাকার একাধিক বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের মীমাংসা করেছে পঞ্চায়েত। আবার মীমাংসার পরে ব্যক্তিমালিকানায় থাকা একাধিক বাড়ির উন্নয়ন প্রকল্পও নেয় পঞ্চায়েত কমিটি। ৯২ হাজি আবদুল মজিদ লেনের মালিক নুরুল হক জানান, তাঁদের বাড়িটির মালিক তিনি ও তাঁর ভাই সাইদুল হক। আর্থিক সংকটে বহুতল বাড়ি নির্মাণে সামর্থ্য ছিল না তাঁদের দুই ভাইয়ের। তাঁদের এ সমস্যার কথা পঞ্চায়েতের মুরব্বিদের কাছে তুলে ধরেন তাঁরা। পঞ্চায়েত কমিটি নিজ উদ্যোগে বাড়িটি নির্মাণ করে দেয়। বাড়ির দুটি ফ্ল্যাট বিক্রি করে সেই টাকায় সাইদুল হক ও নুরুল হক পেয়েছেন চারতলা বাড়ি। তাঁদের সুন্দর একটি বাড়ির স্বপ্ন পূরণ করেছে কলতাবাজার পঞ্চায়েত কমিটি।আবার পানি, বিদ্যুৎ , গ্যাসের মতো পরিষেবার বিল পরিশোধ করতে পারছে না এমন অনেক পরিবারকে সহায়তা করেছে পঞ্চায়েত। এলাকার যেসব দুস্থ পরিবার সহায়-সম্পদ বিক্রি করে অন্যত্র স্থায়ী আবাস গড়ছেন, তাঁদের পৈতৃক ভিটেমাটি রক্ষায়ও সহায়তা করা হচ্ছে।পঞ্চায়েত কমিটির হাতে এখন রয়েছে আরও একটি জমি। এলাকার বাসিন্দাদের অনেকেই পঞ্চায়েতে নিজেদের সাধ্যমতো দান করছে। এমনি এক টুকরো জমি দানসূত্রে এখন পঞ্চায়েতের মালিকানায় রয়েছে। ৮৯/৩ নম্বর নাসির উদ্দিন সরদার লেনের এই জমিটিতে নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আসলাম।পঞ্চায়েতের আওতায় আরও রয়েছে তিনটি মসজিদ ও দুটি কবরস্থান। এলাকার আল মঈন মাদ্রাসায় দুই বেলা ধর্মীয় শিক্ষার আয়োজন চলে। এ ছাড়া মাদ্রাসার তিন এবং চারতলায় রয়েছে কমিউনিটি সেন্টার। সেখানে এলাকাবাসীর জন্য রয়েছে কম খরচে সামাজিক অনুষ্ঠান করার ব্যবস্থা।সহজ শর্তে ঋণ...সহজ কিস্তিতে বিনা সুদের ঋণের ব্যবস্থাও রেখেছে পঞ্চায়েত কমিটি। মাস চারেক আগে কলতাবাজারের জাবেদা খাতুনের মেয়ের বিয়ের প্রস্তাব আসে। সবকিছু পাকাপাকিও হয়ে যায়। বিয়েতে খরচ করার মতো অর্থ ছিল না তাঁর। অকূল পাথারে পড়েন জাবেদা খাতুন। এমন সময় এগিয়ে আসে কলতাবাজার পঞ্চায়েত কমিটি। দেড় লাখ টাকা সহায়তা করে তারা। মাসিক পাঁচ হাজার টাকায় সুদমুক্ত কিস্তিতে দেনা শোধ করছেন জাবেদা খাতুন।কলতাবাজারের একটি মেধাবী ছেলে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা উতরে যায়। বাবার অসচ্ছলতায় ভর্তি নিয়ে টানাপোড়েনে পড়ে ছেলেটি। শেষতক ছেলেটির পাশে দাঁড়ায় কলতাবাজার পঞ্চায়েত কমিটি। কমিটির শিক্ষাঋণের আর্থিক সহায়তায় মেধাবী ছেলেটি হতে চলেছে চিকিৎ সক।চিকিৎ সাসেবার খবরচিকিৎ সার জন্যও পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে রয়েছে দান ফান্ড। সাম্প্রতিক সময়ে ৩০/ক কাজী আবদুর রউফ লেনের একটি ভবন পঞ্চায়েত কমিটির আওতায় আসে। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার পারিবারিক সম্পত্তি ছিল ভবনটি। তিনি এটি পঞ্চায়েতকে দান করেন। ভবনটির মালিকানা বুঝে পাওয়ার পরে সংস্কার করে সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র চালু করেছে পঞ্চায়েত। এলাকায় গিয়ে দেখা মেলে আল মঈন স্বাস্থ্যসেবা কেন্দ্র নামের প্রতিষ্ঠানটির। এখানে সীমিত আকারে সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকের কাজ চলছে। স্বাস্থ্যকেন্দ্রের ভবিষ্য পরিকল্পনার কথা বলেন কলতাবাজার পঞ্চায়েতের কোষাধ্যক্ষ শাহ আলম। তিনি জানান, স্বাস্থ্যসেবা কেন্দ্রটি শিশু চিকিৎ সার জন্য উপযোগী করে তৈরি করার প্রকল্প নিয়েছে কমিটি। যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে।