কলমাকান্দায় নৌকাডুবি তিনজনের লাশ উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রামনাথপুর নয়াচৈতা এলাকায় মহেশখোলা নদীতে গতকাল শুক্রবার সকালে একটি যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবে গেছে। এ ঘটনায় শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।আরও ১০ থেকে ১২ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে পুলিশ জানায়, একজন নিখোঁজ আছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি কলমাকান্দার মহেশখোলা বাজার থেকে বারহাট্টা উপজেলার দশধারের দিকে যাচ্ছিল। রামনাথপুর নয়াচৈতা এলাকায় প্রবল স্রোতের তোড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। যাত্রীদের কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন নৌকার ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে কলমাকান্দা থানা থেকে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ভেতর থেকে তিনজন যাত্রীর লাশ উদ্ধার করে।নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কার্তিকপুর গ্রামের মো. আবদুল্লাহর স্ত্রী সাজেদা আক্তার (৫০), আবদুল হালিমের মেয়ে হাসিনা আক্তার (১০) এবং একই উপজেলার মহেশখাল গ্রামের সুভাষের স্ত্রী সীমা রানী দাস (৩০)। তাঁদের মধ্যে সাজেদার স্বামী মো. আবদুল্লাহসহ ১০-১২ জন যাত্রী গতকাল সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছিল বলে জানায় স্থানীয় লোকেরা। তবে পুলিশ জানায়, মো. আবদুল্লাহ ছাড়া আর কেউ নিখোঁজ নেই।বিকেলে নেত্রকোনার জেলা প্রশাসক আনিছ মাহমুদ ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বেঁচে যাওয়া কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকাটিতে ৪০-৫০ জন যাত্রী ছিল। একজন যাত্রী নিখোঁজ রয়েছে। উদ্ধার করা তিনজন যাত্রীর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।