কলমাকান্দায় নৌকাডুবিতে আরও একজনের লাশ উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহেশখোলা নদীতে যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবির ঘটনায় আজ রোববার আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবদুল (৬৫)। এ নিয়ে এ দুর্ঘটনায় চারজনের লাশ উদ্ধার হলো। আজ সকাল আটটার দিকে কলমাকান্দা উপজেলার কৃষ্ণপুর নতুন বাজার এলাকায় মহেশখোলা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।গত শুক্রবার উপজেলার রামনাথপুর নয়াচৈতা এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। আবদুলের বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কার্তিকপুর গ্রামে। এদিকে ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত চারজনের প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি কলমাকান্দার মহেশখোলা বাজার থেকে বারহাট্টা উপজেলার দশধারের দিকে যাচ্ছিল। রামনাথপুর নয়াচৈতা এলাকায় প্রবল স্রোতের তোড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। যাত্রীদের কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন নৌকার ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে কলমাকান্দা থানা থেকে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকার ভেতর থেকে তিনজন যাত্রীর লাশ উদ্ধার করে।