কলম্বিয়ার সান্তোসকে গ্রেপ্তার করা হতে পারে: ইকুয়েডর
ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল করিয়া গতকাল সোমবার বলেছেন, কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ইকুয়েডর সফরে গেলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, কেননা তাঁর বিরুদ্ধে ইকুয়েডরে একটি গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ আছে।কারাকাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে করিয়া বলেন, ২০০৮ সালে ইকুয়েডরে রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (এফএআরসি) গেরিলা শিবিরগুলোর ওপর কলম্বিয়ার বোমা হামলার জন্য সান্তোসকে গ্রেপ্তার করার জন্য একটি পরোয়ানা জারি করা হয়, যা এখনও বলবৎ আছে। সান্তোস তখন কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। করিয়া বলেন, সান্তোসের বিরুদ্ধে জারি করা এই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টির ব্যাপারে কেবলমাত্র ইকুয়েডরের স্বাধীন বিচার বিভাগই সিদ্ধান্ত নিতে পারে।করিয়া বলেন, ‘একটি অপরাধ করা হয়েছে’ এবং তার বিচার প্রক্রিয়ায় তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারেন না।