কলম্বিয়ার প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে স্যান্টোসের জয়
কলম্বিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী জুয়ান ম্যানুয়েল স্যান্টোস গতকাল রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে সহজেই জয় লাভ করেছেন। এ বিজয় জুনে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্রের মিত্র আলভারো উরিবের স্থলাভিষিক্ত হওয়ার জন্য তাঁকে একটি শক্ত অবস্থানে অধিষ্ঠিত করল।স্যান্টোস প্রেসিডেন্ট উরিবের একজন অনুসারী ও কলম্বিয়ার একটি অভিজাত পরিবারের সদস্য। নির্বাচনের ফলাফল অনুযায়ী, স্যান্টোস প্রথম দফা নির্বাচনে ৪৭ শতাংশ ভোট পেয়েছেন। বোগোটার সাবেক মেয়র অ্যান্টানাস মোকাস ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি ২০ জুনে অনুষ্ঠেয় দ্বিতীয় দফা নির্বাচনে স্যান্টোসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।ওয়াশিংটনের একনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট উরিবে আগামী আগস্টে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। মাদক পাচারকারী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালানো এবং ব্যবসার প্রতি তাঁর ইতিবাচক মনোভাবের জন্য প্রেসিডেন্ট হিসেবে পরপর দুই মেয়াদ শেষ করার পরও উরিবে এখনো জনপ্রিয়। ব্যবসাসংক্রান্ত তাঁর দৃষ্টিভঙ্গির সুবাদে কলম্বিয়া উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে, বিশেষ করে তেল ও খনি খাতে। কিন্তু একটি সাংবিধানিক আদালতের রায়ে তাঁর প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে দাঁড়ানোর পথ রুদ্ধ হয়ে যায়।স্যান্টোস তাঁর নির্বাচনী প্রচারাভিযান চালিয়েছেন উরিবের উত্তরাধিকারী হিসেবে। তাঁর চমকপ্রদ বিজয় উরিবের নিরাপত্তা ও অর্থনৈতিক নীতির যাথার্থ্যের প্রমাণ হিসেবে ওয়ালস্ট্রিটের দ্বারা প্রশংসিত হবে বলে ধারণা করা হচ্ছে।তবে স্যান্টোসের বিজয় প্রতিবেশী ভেনেজুয়েলার সঙ্গে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে। কেননা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ স্যান্টোসকে একটি হুমকি হিসেবে দেখেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিক্ষিত অর্থনীতিবিদ স্যান্টোস নিরঙ্কুশ বিজয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোটের চেয়ে বেশ খানিকটা কম ভোট পেয়েছেন। কিন্তু তাঁর রাজনৈতিক দল পরিচালনা পদ্ধতি মোকাসের বিরুদ্ধে তাঁকে সুস্পষ্ট বিজয় এনে দেবে বলে আশা করা হচ্ছে।—রয়টার্স