কলম্বিয়ায় আততায়ীর গুলিতে সাংবাদিক নিহত
কলম্বিয়ায় আততায়ীর গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল শনিবার পুলিশ ও নিহতের পরিবার জানায়, আধাসামরিক বাহিনীর ডেথ স্কোয়াডের সঙ্গে সম্পর্কিত রাজনীতিবিদদের ওপর রিপোর্ট করার জন্য তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়।উত্তর কলম্বিয়ার মনটারিয়া নগরের বাসিন্দা নিহত ক্লোদোমিরো কাসতিলা (৪৯) ছিলেন আল পালসো ম্যাগাজিনের একজন সম্পাদক ও স্থানীয় এক রেডিওর প্রতিবেদক। করডোবা রাজ্য পুলিশের একজন কমান্ডার কর্নেল পেদ্রো অ্যাঞ্জেলো ফ্রাংকো জানান, গত শুক্রবার রাতে কাসতিলা তাঁর বাড়ির বারান্দায় বসে বই পড়ার সময় একজন বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালিয়ে মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়।কাসতিলার পরিবার জানায়, তিনি হত্যার হুমকি পাওয়ার পর সরকার তাঁর নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি।কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিবে বিদ্রোহী গ্রুপ ও আধাসামরিক বাহিনীগুলোর নিয়ন্ত্রিত এলাকাগুলো দখল করতে সেনা মোতায়েন করার পর সে দেশের কয়েক দশকব্যাপী গৃহযুদ্ধ কিছুটা স্তিমিত হয়েছে। তবু সে দেশে সাংবাদিকেরা প্রায়ই সন্ত্রাসী ও কোকেন পাচারকারীদের আক্রমণের শিকার হন। কাসতিলাকে যে রাজ্যে হত্যা করা হয় সেই করডোবায় ১৯৮০ সালে ভূমিমালিক, খামারমালিক ও মাদক ব্যবসায়ীরা মিলে নিজেদের বামপন্থী বিদ্রোহীদের হাত থেকে রক্ষার জন্য আধাসামরিক বাহিনী গড়ে তোলে। এই অঞ্চলের বেশ কিছু এমপি ও মেয়র নিজেদের নির্বাচন নিশ্চিত করার জন্য অবৈধ ঘোষিত আধাসামরিক বাহিনীর সঙ্গে আঁতাত করার দায়ে জেলে গিয়েছেন। আধাসামরিক বাহিনীর সাবেক কমান্ডাররা যদিও দাবি করেন, ইউরিবে সরকারের সঙ্গে তাঁদের শান্তিচুক্তি হওয়ার পর তাঁরা তাঁদের অধীন বাহিনীগুলো ভেঙে দিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো দাবি করে, ওই সব আধাসামরিক বাহিনী এখনো সক্রিয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য কলম্বিয়াকে একসময় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে গণ্য করা হতো। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে কোকেন পাচারকারী, বিদ্রোহী ও আধাসামরিক বাহিনীর হাতে সে দেশে শতাধিক সাংবাদিক নিহত হন।