কলম্বিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৯
কলম্বিয়ার বন্দর নগর বুয়েনাভেনচুরায় গতকাল বুধবার এক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছে। কর্তৃপক্ষ এ হামলার জন্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি) গেরিলা অথবা কোকেন পাচারকারীদের দায়ী করেছে।বোমা বিস্ফোরণে বুয়েনাভেনচুরায় অবস্থিত অ্যাটর্নি জেনারেলের স্থানীয় দপ্তরের কিছু অংশ ধসে পড়েছে। বুয়েনাভেনচুরা কলম্বিয়ার সবচেয়ে বড় বন্দর। এই বন্দর দিয়ে দেশটির অর্ধেক কফি রপ্তানি হয়ে থাকে। কিন্তু একই সঙ্গে বুয়েনাভেনচুরা হচ্ছে প্যাসিফিক মহাসাগরের উপকূলবর্তী এলাকায় মাদকদ্রব্য পাচারের একটি অন্যতম রুট।২০০২ সালে প্রেসিডেন্ট আলভারো উরিবে ক্ষমতায় আসার পর কলম্বিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ স্তিমিত হয়ে পড়ে। তিনি বিদ্রোহী ও মাদকদ্রব্য পাচারকারীদের দমন করতে সারা দেশে সেনা মোতয়েন করেন। তবে, প্রত্যন্ত এলাকায় গেরিলারা এখনো সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং কলম্বিয়া এখনো বিশ্বের শীর্ষ কোকেন রপ্তানিকারক দেশ।