কলম্বোয় বাংলাদেশ হাইকমিশনের সামনে ভিক্ষুদের প্রতিবাদ
শ্রীলঙ্কায় প্রায় হাজার খানেক বৌদ্ধ ভিক্ষু আজ বৃহস্পতিবার কলম্বোয় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ চলার সময় কয়েকজন বিক্ষুব্ধ ভিক্ষু হাইকমিশনে ইটপাটকেলও পানির বোতল ছুড়ে মারেন। তবে এতে দোতলার বারান্দার কাচ ভাঙলেও কেউ হতাহত হননি।কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি রামু ও উখিয়ায় বৌদ্ধমন্দির ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের বসতবাড়িতে হামলার পর থেকেই স্থানীয় ভিক্ষুরা বিক্ষোভ করছেন। কয়েক দিন ধরে ওইসব বিক্ষোভে তাঁরা উপাসনালয়ে হামলার প্রতিবাদের পাশাপাশি ঘটনার বিচারের দাবি জানিয়ে আসছেন। জানতে চাইলে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের কাউন্সেলর এফ এম বোরহানউদ্দীন আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, স্থানীয় সময় বেলা তিনটায় এক হাজারের বেশি ভিক্ষু বাংলাদেশ হাইকমিশনের সামনে সমবেত হন। তাঁরা এ সময় প্ল্যাকার্ড নিয়ে রামু ও উখিয়ার ঘটনার প্রতিবাদে ও ঘটনার বিচারের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভের একপর্যায়ে তাঁদের মধ্য থেকে কেউ কেউ হাইকমিশনের দিকে পানির বোতল ও ঢিল ছুড়ে মারেন। এতে দোতলার বারান্দার কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।এফ এম বোরহানউদ্দীন আরও জানান, এর আগে এদিন বেলা সাড়ে ১১টায় হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টানদের একটি সংঘের পক্ষ থেকে দেশটির সমাজকল্যাণমন্ত্রী মারভিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমানের কাছে স্মারকলিপি দেয়। প্রতিনিধিদলটি বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা ও বিচারের দাবি জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনের অনুরোধ জানিয়েছে।