কলাতলী পয়েন্টে চারটি রেস্তোরাঁ উচ্ছেদ
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে আধুনিক মানের চারটি কাঠের রেস্তোরাঁ ও শুঁটকি বিক্রির একটি আধাপাকা ঘর আজ শুক্রবার উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত আজ সকাল আটটা থেকে তৃতীয় দফার অভিযান শুরু করে যা দুপুর ১২টা পর্যন্ত চলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল আটটায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সৈকতের কলাতলী পয়েন্ট গিয়ে অভিযান শুরু করেন। এ সময় রেস্তোরাঁ ট্রপিকানা, ডেলিশিয়া, অ্যাঞ্জেল ড্রপ ও ফিসফিঙ্গার ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে রেস্তোরাঁর পাশে শুঁটকি বিক্রির একটি আধাপাকা ঘরও গুঁড়িয়ে দেওয়া হয়। ট্রপিকানা রেস্তোরাঁর ব্যবস্থাপক রবিউল হাসান জানান, ব্যক্তি মালিকানাধীন জমিতে কয়েক বছর আগে পরিবেশবান্ধব এই রেস্তোরাঁগুলো গড়ে উঠলেও একটি বিশেষ মহলের ইন্ধনে প্রশাসন স্থাপনাগুলো ভেঙে দেয়। সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হাইকোর্টের নির্দেশ থাকলেও এখনো সৈকতের বিভিন্ন স্থানে কয়েক শ স্থাপনা রয়েছে। চারটি রেস্তোরাঁ ভেঙে ফেলায় তাঁদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়। রেস্তোরাঁগুলো ভাঙার আগে তাঁদের কোনো নোটিশও দেওয়া হয়নি। ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, হাইকোর্টের আদেশ ছিল সৈকত এলাকায় স্থাপিত সব স্থাপনা উচ্ছেদ করতে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছেন। এর আগে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছিলেন। সৈকতের নাজিরারটেক থেকে ইনানি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সৈকত দখল করে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, তার সব কটিই উচ্ছেদ করা হবে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির মো. আবদুল্লাহ জানান, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কক্সবাজার সমুদ্রসৈকতে স্থাপিত সব স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ এবং আগামী তিন মাসের মধ্যে সৈকত এলাকার সীমানা নির্ধারণ করতে নির্দেশ দেন। একই সঙ্গে এ ব্যাপারে জেলা প্রশাসককে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। কমিটি আগামী এক মাসের মধ্যে সৈকত এলাকার সীমানা নির্ধারণ করে দেবে।