স্মার্ট ফ্যাশনসের শ্রমিকদের বেতন দিতে মন্ত্রণালয়ের নির্দেশ
কলাপসিবল গেট বন্ধ পেলেই গার্মেন্টসের বিরুদ্ধে ব্যবস্থা
রাজধানীর মোহাম্মদপুরের স্মার্ট ফ্যাশনসের পোশাকশ্রমিকদের চলতি মাসের বেতন পরিশোধের জন্য বিজিএমইএ ও বিকেএমইএর প্রতি নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এ মুহূর্তে ওই কারখানার মালিককে খুঁজে না পাওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের নেতারা অবশ্য কারখানাটি তাঁদের তালিকাভুক্ত নয় বলে জানিয়েছেন। আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ে স্মার্ট ফ্যাশনসের অগ্নিকাণ্ড নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিকেএমইএর পক্ষ থেকে নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে অর্থসহায়তা ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। বৈঠকের বিষয়ে জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার প্রথম আলো ডটকমকে বলেন, ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শক দল গিয়ে যদি কোনো কারখানার কলাপসিবল গেট বন্ধ করে শ্রমিকদের কাজ করানোর অভিযোগ পায়, তবে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। প্রায় ৪৫০টি কারখানার তালিকা চেয়ে সচিব বলেন, আগামী ১০ দিনের মধ্যে এসব কারখানা পরিদর্শন করে শ্রম অধিদপ্তর একটি প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পোশাকশিল্পের সমস্যা সমাধানে ‘গার্মেন্টস শিল্পবিষয়ক মন্ত্রিসভা কমিটি’ ১২ জানুয়ারি অনুমোদন দেওয়া হয়েছে, কয়েক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান শ্রমসচিব।বৈঠকের সভাপতি শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, নিহত শ্রমিকদের পরিবারকে সম্মিলিতভাবে সহযোগিতা করা হবে; প্রধানমন্ত্রীও ত্রাণ তহিবল থেকে সহায়তা করবেন।বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দায়িত্ব এড়াতে চাই না। নিহত সাত শ্রমিককে সহায়তা করা হবে। কিন্তু এ ব্যাপারে বিজিএমইএ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’বিজিএমইএর নেতারা আরও বলেন, প্রায় ৪৫০টি কারখানা আছে যেগুলো বিজিএমইএর সদস্য নয়। এগুলোতে সাধারণত বেশি দুর্ঘটনা ঘটছে। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।