কলাপসিবল গেট সরাতে পোশাক কারখানার মালিকদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানাগুলো থেকে কলাপসিবল গেট (‘কেচি গেট’ নামে বহুল পরিচিত) সরাতে মালিকদের নির্দেশ দিয়েছে সরকার। এর পরিবর্তে সহজে খোলা যায়—এমন ‘স্লাইডিং’ ফটক লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর আজ মঙ্গলবার এক চিঠিতে মালিকদের এ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্ট কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তি ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিদপ্তরের প্রধান পরিদর্শক হাবিবুল ইসলাম এ-সংক্রান্ত নির্দেশে সই করেছেন।পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের জন্য কলাপসিবল গেট দিয়ে শ্রমিকদের বের হওয়ার সমস্যাকে অন্যতম বড় কারণ বলে মনে করা হয়ে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই এই গেট তালাবদ্ধ থাকে। কারখানার মালিকদের এবারই প্রথম এ ধরনের গেট সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক নির্দেশ দিল সরকার। গত নভেম্বরে সাভারের তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে ১১২ জন মারা যান। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, আগুন লাগার পর কলাপসিবল গেট বন্ধ ছিল। এই ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হলো।কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, কারখানা চলার সময় চলাচলে বাধাগ্রস্ত করতে বিদ্যমান ফটকগুলো কোনোভাবেই তালাবদ্ধ করে রাখা যাবে না। প্রয়োজনে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়াতে হবে। পরিদর্শনকারীরা কোনো কারখানায় কলাপসিবল গেট অথবা ফটকে তালা লাগানো দেখলে শ্রম আইনের ৬১(২) ধারায় ওই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই ধারায় ভবন, এর পথ বা যন্ত্রপাতি বিপজ্জনক হলে তা মেরামত বা পরিবর্তন না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার বিধান রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার আজ প্রথম আলো ডটকমকে বলেন, পোশাক কারখানায় আইনবহির্ভূতভাবে কলাপসিবল গেট ব্যবহার ও কাজ করার সময় গেট তালাবদ্ধ রাখার কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিক নিহত হওয়ার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শক দল গিয়ে যদি কোনো কারখানায় কলাপসিবল গেট বন্ধ করে কাজ করানোর অভিযোগ পায়, তবে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সচিব বলেন, ‘পোশাকশিল্পে শ্রমিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে দেশে ও দেশের বাইরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতেই আমরা এ নির্দেশ জারি করেছি।’ এদিকে কাল বুধবার থেকে শ্রম মন্ত্রণালয়ের ২০টি পরিদর্শক দল পোশাক কারখানা পরিদর্শন শুরু করছে। কারখানা পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিরা তিন মাসের মধ্যে প্রতিবেদন দেবেন। পরিদর্শনের সময় কারখানা সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে অগ্নিনির্বাপণ আইন ও শ্রম আইনের ভিত্তিতে একটি চেক লিস্ট তৈরি করা হয়েছে।