কলাপাড়ার তিন গ্রামের মানুষের দুর্ভোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া, ছোট পাঁচনং ও চৌধুরীপাড়া এই তিনটি গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই। নাওয়াপাড়া ও ছোট পাঁচনং গ্রামের সিকদারের খালের ওপর নির্মিত সংযোগ কালভার্টটি তিন বছর আগে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে ভেঙে যাওয়ার কারণে স্থানীয় জনসাধারণকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিনে দেখা যায়, সিকদারের খালের ওপর সাঁকো তৈরি করে মানুষ চলাচল করছে। এই সাঁকোটিও এখন নড়বরে হয়ে গেছে। প্রতিদিন ওই এলাকার বাসিন্দারা ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে। নাওয়াপাড়া গ্রামের আসমা বেগম বলেন, ‘পেরতেক দিন পোলা-মাইয়া লইয়া এইহান দিয়া পার হইতে অয়। হাক্কার (সাঁকো) ওপর ওডলে ডর লাগে। হ্যারপরও কষ্ট কইর্যাই পার অই।’ ছোট পাঁচনং গ্রামের বাবুল আকতার বলেন, ‘এইহান দিয়া পার অইতে যাইয়া কোনো কোনো সময় পা পিছলাইয়া গ্রামের লোকজন খালেও পইর্যা যায়। মেম্বার-চেয়ারম্যানেকে কইছি কালভার্ট না করতে পারলে হাক্কাডা (সাঁকো) ভাল কইর্যা দিয়া দেন। হ্যাও আইজতামাইত দেতে পারেনাই।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বিশ্বাস বলেন, ‘তিনটি গ্রামে অন্তত পাঁচ হাজার মানুষের বসবাস। গ্রামের বাসিন্দাদের নিত্যদিনের কাজের জন্য লালুয়া ইউনিয়নের বানাতিবাজারসহ কলাপাড়া উপজেলা সদরে ওই পথ দিয়ে যেতে হয়। তা ছাড়া এলাকার স্কুলগামী ছাত্রছাত্রীদেরও এ পথটি ব্যবহার করতে হয়। জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে ভেঙে যাওয়া কালভার্টটি নির্মাণের জন্য আমরা উপজেলা প্রশাসনসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন জানিয়েছি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আবু কামাল বলেন, ‘ওই খানের কালভার্টটি ভেঙে যাওয়ায় আসলেই জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনজীবনের গুরুত্বের কথা চিন্তা করে ওই কালভার্টটি তৈরি করার জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।’