কলাপাড়ার পাঁচ শতাধিক দুস্থ মানুষ এখনো সঞ্চয়ের টাকা ফেরত পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ার পাঁচ শতাধিক দুস্থ মানুষের সঞ্চয়ের নয় লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি এনজিওর বিরুদ্ধে। উপজেলা সিনিয়র বিচারিক হাকিম আদালতে এ ব্যাপারে মামলাও হয়েছে। মামলা হওয়ার পর এনজিওর কর্মকর্তারা সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ার কথা বলে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি দেয়। ইতিমধ্যে আট মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ভুক্তভোগী সদস্যরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত পায়নি। অথচ অভিযুক্ত ওই এনজিওটি পার্শ্ববর্তী এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি সোনালী উন্নয়ন ফাউন্ডেশন (২০৫/৪ বেগম রোকেয়া সরণি, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭) কলাপাড়ায় কার্যালয় খুলে তাদের কার্যক্রম শুরু করে। এখানকার শাখা ব্যবস্থাপক হিসেবে তখন নিয়োগ দেওয়া হয় বজলুর রহমান তালুকদার নামে স্থানীয় একজনকে। এ ছাড়া মাঠকর্মী হিসেবে আরও নয়জনকে তখন নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে মাঠকর্মীরা ৫৬৯ জন সদস্য সংগ্রহ করে। সংস্থার আওতায় প্রতি সদস্য ১০০ থেকে ৫০০ টাকার মাসিক কিস্তিতে পাঁচ থেকে ১০ বছরমেয়াদি ডিএসএস ও এসএসপি হিসাব খেলে। বিগত বছরের এপ্রিল পর্যন্ত ওই সব হিসাবের মাসিক কিস্তির নয় লাখ টাকা সদস্যদের কাছ থেকে আদায় করে সংগঠনের ব্যাংক হিসাবে জমা করা হয়। শুরুতে সংস্থাটির পক্ষ থেকে জমা দেওয়া টাকার বিপরীতে ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সদস্যদের কাছ থেকে টাকা নিলেও তাদের ঋণ ও কর্মচারীদের বেতন না দিয়ে তারা টালবাহানা শুরু করে। মাঠকর্মীরা পরিস্থিতি বুঝতে পেরে কিস্তি আদায় বন্ধ করে দেয় এবং এনজিও ব্যুরো, মাইক্রো ক্রেডিট রেগুলারেটি অথরিটির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, ডিএসএস ও এসএসপি হিসাব খোলার তাদের কোনো অনুমতি নেই। এ খবর জানার পর সঞ্চয়কারী দুস্থ সদস্যরা জমা করা টাকা ফেরত চায়। টাকা ফেরত দেওয়ার কথা বলে এনজিওটি এক পর্যায়ে তাদের কার্যালয় বন্ধ করে পালিয়ে যায়।স্থানীয় শাখা ব্যবস্থাপক বজলুর রহমান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি এনজিওটির এমন কর্মকাণ্ডের বিষয়ে এনজিওবিষয়ক ব্যুরো, মাইক্রো ক্রেডিট রেগুলারেটি অথরিটির বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। অথচ আজ পর্যন্ত তার কোনো সুরাহা পাইনি।’উপজেলার লালুয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রানী বেগম বলেন, ‘মুই গরিব মানুষ। কাম কাইজ কইর‌্যা তিন হাজার ৪০০ টাহা ওনাগো ধারে জোমা করেছি। এ্যাহন টাহা পাওন তো দূরের কতা, হ্যাগোই কোন খবর নাই।’টিয়াখালী ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের লিমা বেগম বলেন, ‘মোগো কইছে টাহা জোমা করলে ঋণ দেবে। সব সদস্যই এই রহম আশায় টাহা জোমা দেয়। আইজগো জোমা টাহাই পাই না।’মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটির তদন্তকারী একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘মাইক্রো ক্রেডিটের কর্মকাণ্ড সংস্থাটি মোটেও বোঝে না। তারা যেসব শর্ত উল্লেখ করে মানুষকে আকৃষ্ট করেছে, তা মাইক্রো ক্রেডিটের নিয়মবহির্ভূত। তদন্ত করে জেনেছি, সংস্থাটি লোভনীয় শর্ত দিয়ে টাকা সঞ্চয়ের কথা বলে। ফলে মানুষ বেশি লাভ পাওয়ার আশায় ওই সংস্থায় টাকা জমা করে। প্রথমদিকে সংস্থাটি কিছু মানুষকে শর্তানুযায়ী বেশি মুনাফাও দেয়। তা দেখে মানুষজন ওই সংস্থার কাছে টাকা জমা করতে আরও আকৃষ্ট হয়। অন্য সদস্যদের জমা করা টাকার বিপরীতে অধিক মুনাফা আর দেওয়া হয়নি। এ ব্যাপারে স্থানীয় লোকজনের অভিযোগ সঠিক। আমি তদন্ত করে এসব বিষয় উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেছি। সংস্থাটির মহাপরিচালককে এ ব্যাপারে অফিশিয়াল চিঠি দেওয়া হয়েছে। কোনো উত্তর তারা দেয়নি। আমরা এ সংক্রান্ত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’এ ব্যাপারে সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের মহাপরিচালক সামসুদ্দিন আযাদ প্রথম আলোকে বলেন,‘আমরা সদস্যদের পাস বই জমা দেওয়ার জন্য বলেছি। তারা পাস বই জমা দিলে দুপক্ষ বসে হিসাব করে ঋণের টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দিয়ে দেব। এখন পর্যন্ত পাস বই জমা না হওয়ায় সদস্যদের টাকা ফেরত দেওয়া যাচ্ছে না।’সঞ্চয়ের টাকা ফেরত পেতে ২৪ জানুয়ারি এ ব্যাপারে মামলা দায়ের করেন সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের কলাপাড়া শাখা ব্যবস্থাপক বজলুর রহমান তালুকদার।মামলার আসামিরা হলেন এনজিওর মহাপরিচালক সামসুদ্দিন আযাদ, পরিচালক (অর্থ) সাবিনা ইয়াসমিন নাজনিন, সহকারী পরিচালক হারুন অর রশিদ বিশ্বাস, সহকারী পরিচালক মুজাফফর আহম্মেদ, সহকারী পরিচালক গাজী হারুন অর রশিদ, বরিশালের আঞ্চলিক পরিচালক আবদুর রব, পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন মোল্লা, বরগুনার শাখা ব্যবস্থাপক স্বপন কুমার সিকদার ও আঞ্চলিক ব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন।