কলাপাড়ায় গৃহবধূকে বেধড়ক মারধর করেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়ার চান্দুপাড়া গ্রামে ১ মে শবনম পারভীন (২৬) নামের এক গৃহবধূকে প্রকাশ্যে বেধড়ক মারধর করেছে সন্ত্রাসীরা। গ্রামবাসী সূত্রে জানা যায়, গ্রামের লোকজন শবনম পারভীনকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পেরে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন। শবনম অভিযোগ করেন, ‘চান্দুপাড়া গ্রামের ফয়সাল বিশ্বাস ও বুলবুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়। শবনম বলেন, আমার ছোট বোন নাসরিনের সঙ্গে লালুয়ার আদের আলী হাওলাদারের ছেলে জাবেদ আলীর প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। কিন্তু যৌতুকের কারণে নাসরিনকে তার স্বামী ও শাশুড়ি মারধর করে ছয় মাস আগে খুলনায় বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এর পর জাবেদ আরেকটি বিয়ে করে। এ ঘটনার প্রতিকার চাইতে দুই বোন বিচার দেওয়ার জন্য ঘটনার দিন লালুয়ায় আসি। জাবেদ আলীর পক্ষে ফয়সাল বিশ্বাস ও বুলবুল এ ঘটনা ঘটায়।’এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসাহাক আলী বলেন, ‘আমরা নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছি। সে মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’