কলাপাড়ায় তরমুজের ফলন ভালো দাম কম, পরিবহন খরচ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ বছর ছয় বিঘা জমিতে তরমুজের চাষ করেছি। বীজ, সার ও ওষুধে খরচ অইছে ৩২ হাজার টাহা। সেচ মেশিন ভাড়া ও বদলার (কৃষি শ্রমিক) পিছনে ২৬ হাজার টাহা খরচসহ মোট ৫৪ হাজার টাহা খরচ হইছে। তরমুজ হইছে ছোট-বড় মিলাইয়া প্রায় তিন হাজার পিস। এই তরমুজ ঢাহায় বেচতে পাডাইছি। ট্রাক ভাড়া নিছে ২৫ হাজার টাহা। সব মিলিয়ে খরচ হইছে ৭৯ হাজার টাহা। আর তরমুজ বিক্রি নামছে ৯৫ হাজার টাহা। অ্যাহন কন, এত কষ্ট কইরা তরমুজ ফলাইলাম, লাভ হইছে মাত্র ১৬ হাজার টাহা। এতে কীভাবে মোরা চলমু।’ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের কৃষক মো. কালাম হাওলাদার এভাবেই তাঁর হতাশা ব্যক্ত করলেন।তিনি জানান, গত মওসুমে একই জমিতে তরমুজ চাষ করে তিনি প্রায় অর্ধলাখ টাকা লাভ করেছিলেন। এই কারণে এ বছর এখানে তরমুজের চাষ গত বছরের চেয়ে অনেক বেশি হয়েছে। কিন্তু এবার কৃষকেরা তেমন একটা লাভ পাচ্ছেন না। মাছুয়াখালী গ্রামের পাশা মোড়ল, শাহজাহান প্যাদা ও শাহ আলম তালুকদার, ধানখালী গ্রামের ইসলাম খাঁ, দেবপুর গ্রামের বাচ্চু মোল্লা, পাটুয়া গ্রামের মাছুম মৃধা এবং লোন্দা গ্রামের তোফা মাতবরসহ অনেকের অবস্থা একই।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নেও এবার তরমুজের চাষ বেড়েছে। তবে ফলন বাড়েনি। ১১ এপ্রিল ধানখালীর চালিতাবুনিয়া, ছৈলাবুনিয়া, পাঁচজুনিয়া, আমখলা, দেবপুর, পাটুয়া, মাছুয়াখালী, প্যাদারহাট ও লোন্দা গ্রামের তরমুজচাষিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ছৈলাবুনিয়া গ্রামের তরমুজচাষি আলমাস মাতব্বর (৩২) বলেন, ‘মুই শুক্রবার (১০ এপ্রিল) ১০ হাজার টাহা দিয়া পিকআপ ভাড়া কইর্যা এক হাজার ১০০ পিস তরমুজ বরিশালে পাডাইছি। সব খরচ যাইয়া মোর কোনো লাভ অয় নাই। কইলেও কেউ বিশ্বাস করবে না।’ একই কথা বললেন চাষি মহসিন মাতব্বর। তিনি জানান, এক একর ৩৩ শতাংশ জমিতে তরমুজ চাষ করতে তাঁর ২০ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি হয়েছে ২৬ হাজার টাকা।ধানখালীর বিভিন্ন গ্রামের তরমুজ চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের এলাকায় অল কুইন, বিট ফ্যামিলি, গোরিয়া, বিস্টিন, হান্টার, জাগোয়ার, গোরি জাম্বু, টপসুপার, কর্নজোরা, সুপারকুইন, চ্যাম্পিয়ন, আনারকলিসহ অন্তত ১৬ জাতের তরমুজের চাষ হয়। তবে বিট ফ্যামিলি, হান্টার ও জাগোয়ার জাতের তরমুজের কিছুটা ভালো ফলন হয়েছে। তরমুজখেতে নতুন সমস্যা: এ বছর ওই এলাকার তরমুজখেতে লম্বা এক ধরনের ল্যাদা পোকার উপদ্রব দেখা গেছে। এক ইঞ্চি লম্বা ও কালো ডোরা দাগের এই পোকা তরমুজের ছোলা খেয়ে ফেলে। ফলন ভালো হলেও এ পোকার তাণ্ডবে তরমুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলন তেমন একটা ভালো না হওয়ার এটাও অন্যতম কারণ। তরমুজচাষিরা জানান, তাঁরা এবারই প্রথম এ পোকা দেখেছেন।এ ছাড়া গত পূর্ণিমার জোয়ারে নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলের বাঁধের বাইরের তরমুজখেত তলিয়ে যাওয়ায় অনেক কৃষক আগাম তরমুজ খেত থেকে তুলে কম দামে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। তরমুজের ফলন ভালো না হওয়ার আরও কারণ: উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ বরিশালের রহমতপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি টিমের গবেষণায় দেখা গেছে, বৃষ্টিপাত একেবারেই না হওয়া, সুষম সারের ব্যবহার না করা, জৈব সার ব্যবহার না করা ও এলোপাতাড়ি কীটনাশক ব্যবহার তরমুজের ফলন কম হওয়ার অন্যতম কারণ। এ ছাড়া একই জমিতে বার বার তরমুজের চাষ করায়ও ভালো ফলন হচ্ছে না। এ ক্ষেত্রে কৃষি বিভাগের বক্তব্য হচ্ছে, শস্য বিন্যাস (ফসল পরিবর্তন করে দেওয়া) করে যেকোনো ধরনের ফসল ফলানো হলে এর উৎপাদন ভালো হবে।জমজমাট বেচাকেনা: ধানখালীর নোমরহাট ব্রিজের পূর্ব ও পশ্চিম পাড়ে গিয়ে দেখা যায়, এসব সমস্যার পরেও তরমুজচাষিরা খেত থেকে তুলে এনে তরমুজ টাল করছেন। নোমরহাট বাজারসহ আশপাশের এলাকা তরমুজে সয়লাব। দূরের গ্রাম থেকে রিকশা, ভ্যান, টমটম আর ছোট ছোট ডিঙি নৌকায় করে তরমুজ আনা হচ্ছে। তোলা হচ্ছে ট্রাকে।এখানকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা, খুলনা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, যশোর ও বরিশালের বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে এসব তরমুজ। ২২ থেকে ৩০ ইঞ্চি সাইজের তরমুজ শ হিসাবে দুই হাজার ৮০০ থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এর চেয়ে ছোট সাইজের তরমুজ ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধানখালী গ্রামের কৃষক সোলায়মান গাজী (৫০) বলেন, ‘গেল বছর তরমুজে আমরা ভালো দামও পাইছি, লাভও বেশি অইছে। কিন্তু এই বছর তেমন একটা লাভ হইবে না।’ পরিবহন খরচ বেশি: লোন্দা গ্রামের চাষি আইয়ুব আলী মৃধা বলেন, ‘প্রতিবছর নোমরহাট বাজার থেকে দেশের বিভিন্ন প্রান্তে তরমুজের চালান পাঠাতে অতিরিক্ত খরচ বহন করতে হয়। কোনো নিয়ন্ত্রণ না থাকায় একশ্রেণীর পরিবহন ব্যবসায়ীর কাছে আমরা জিম্মি।’ এখানকার চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা পাঠাতে যে ট্রাকের ভাড়া ১৫-২০ হাজার টাকা লাগার কথা, সেখানে তাদের গুনতে হয় কমপক্ষে ২৮-৩০ হাজার টাকা। বরিশালে এক ট্রাক তরমুজ পাঠাতেও ১০-১২ হাজার টাকা লাগে। এলাকাভেদে এভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হয় চাষিদের। তরমুজ পরিবহনে নিযুক্ত পায়রা ট্রান্সপোর্ট কোম্পানির স্থানীয় প্রতিনিধি সাইফুর রহমান বলেন, ‘আসলে মালিকপক্ষের কাছ থেকে ভাড়া এনে আমরা ট্রাক চালাই। সে কারণে ভাড়া কিছুটা বেশি পড়ে।’