কলাপাড়ায় পানিতে নষ্ট হয়ে গেছে ধান ও সবজি খেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গত সপ্তাহের প্রবল বর্ষণ আর নিম্নচাপের প্রভাবে রোপা আমন, শীতকালীন সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। অনেক স্থানে সবজি খেতে বর্ষার পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, আবার কোথাও কোথাও প্রবল জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ উপজেলার লালুয়া, নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।সরেজমিনে গিয়ে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে দেখা যায়, শীতকালীন সবজির খেতগুলোতে পানি জমে আছে। প্রবল বর্ষণে খেতে লাগানো বেগুন, কাঁচা মরিচ, লালশাক, মূলা ও বরবটির গাছ মাটির সঙ্গে মিশে গেছে। সবজিচাষি হাফিজুলের নিজের জমি নেই। বছরে ৫০ মণ ধান দেওয়ার বিনিময়ে অন্যের কাছ থেকে ছয় বিঘা জমি বন্ধক নিয়ে বরাবরের মতো এ বছরও আগাম শীতকালীন সবজির আবাদ করেছিলেন। প্রবল বর্ষণে তাঁর খেতের সবকিছুই নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘কার্তিকের পেরথম সপ্তাহেই বাজারে শাখ-সবজি বেচতে নেতে পারতাম। দেওইতে মোর সবকিছু শ্যাষ কইর‌্যা দেছে। সামনে যে কী কইর‌্যা বাঁচমু, হেই কতাই তো ভাবতেছি।’ এলেমপুর গ্রামের আবুল হোসেন ১০ হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, লালশাক, বরবটি, লাউ লাগিয়েছিলেন। তাঁরও কোনো কিছু রক্ষা হয়নি। এখন সব পচে কাদামাটি পড়ে আছে। তিনি বলেন, ‘এই বছর ৫০ হাজার টাহার সবজি বাজারে বেচতে পারতাম। এ্যাহন নিঃস্ব অইয়া গেছি।’ কুমিরমারা গ্রামের রহমান গাজী, সাইদুল মোল্লা ও মজিদপুর গ্রামের বলরাম হাওলাদার সমস্বরে বলেন, ‘কিচ্ছু নাই, সব শ্যাষ।’কালাম হাওলাদার দেখালেন, তাঁর দুই একর সবজির খেতের একটি গাছও নেই। সব পচে গেছে। এই গ্রামের সবজিচাষি মোহাম্মদ ইউনুসের সবজির খেতে দেখা গেছে, সবজি রক্ষার জন্য পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলেন। এখনো পলিথিন তুলে আনেননি। এই চাষি আক্ষেপ করে বলেন, ‘অইয়া দেইখ্যা আর কী করবেন, মুই ওদিকে চাইলে পরাণ ফাইট্যা যায়।’ জলিল গাজীর এক একর জমির সবজির খেত এখনো ছয় ইঞ্চি পানির নিচে ডুবে আছে।’এভাবে নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর, কুমিরমারা, পাখিমারা, মজিদপুর, নাওভাঙ্গা, গুটাবাছার অন্তত এক হাজার চাষির আগাম শীতকালীন সবজির খেত পচে একাকার হয়ে গেছে। এখন এসব চাষি কী করবেন তাও ভেবে উঠতে পারছেন না। চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের আবুল কালাম বলেন, ‘পেরতেক বছর সবজির খেত করি। হাকপাতা লাগাইয়া বাজারে বেচি। এইফির পানির চাপে সব গ্যাছে।’ একই ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের হরেকৃষ্ণ মণ্ডল বলেন, ‘এমনেই গেল বছর মোগো গ্রামে লোনাপানি উইড্যা কোনো ফসল অয় নাই। হেই ধাক্কল কাডাইতে না কাডাইতেই শীতকালীন সবজির খেত যেডু করছেলাম হ্যাও রক্ষা করতে পারি নাই।’গোটা কলাপাড়ার শীতকালীন আগাম সবজিচাষির কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেছে।লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের আমনচাষি মোয়াজ্জেম হোসেন (৪০) বলেন, ‘মোগো গ্রাম হারা বছরই জোয়ারের পানিতে ডুইব্যা থাহে। হেইয়ার পরেও সাহস কইর‌্যা পাঁচ একর জমিতে আমনের চাষ করছেলাম। বান্দ ছুইট্যা হ্যাও ভাইস্যা গ্যাছে।’ বুড়োজালিয়া গ্রামের মমিন তালুকদার (৬০) বলেন, ‘মুই আটআনি সুদে ১৮ হাজার টাহা দাদন আইন্যা ছয় একর জমি চাষ করছেলাম। ৩০ শে মাঘ সুদে-আসলে ২৭ হাজার টাহা শোধ করতে অইবে। মোর তো এ্যাহন কিচ্ছু নাই।’উপজেলা কৃষি সমপ্রসারণ কার্যালয়ের প্রাথমিক জরিপে জানা গেছে, এবারের জলোচ্ছ্বাসে লালুয়া ইউনিয়নে ৭০০ হেক্টর ও চাকামইয়া ইউনিয়নে ৩০০ হেক্টরের মতো রোপা আমনের খেত নিমজ্জিত হয়েছে। উপজেলায় ক্ষতির পরিমাণ ১৫০০ হেক্টরের মতো জমি। সবজি খেতের ক্ষতি হয়েছে গোটা উপজেলায় ২০ হেক্টর জমির। এর মধ্যে বরবটি, করল্লা, শিম, লাউ এবং শীতকালীন সবজির মধ্যে লালশাক, পালংশাক, পেঁপে বাগানের ক্ষতি হয়েছে বেশি।উপজেলা কৃষি সমপ্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. মজিবর রহমান বলেন, ‘এ বছর আগাম শীতকালীন সবজির আবাদ কম হবে। তবে রোপা আমন ফসলের জন্য প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারলে পরে খরায় আক্রান্তের আশঙ্কা কম থাকবে।’কলাপাড়া উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার বলেন, ‘আগাম সবজিচাষিদের ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার দুর্যোগ সংক্রান্ত ইমারজেন্সি সাইক্লোন সিডর রেসট্রোরেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (ইসিআরআরপি) নামে একটি প্রকল্প চালু আছে। আসন্ন রবি মৌসুমে যাতে ক্ষতিগ্রস্ত সবজি ও রোপা আমনচাষিরা ক্ষতি কাটিয়ে উঠতে পারে সে জন্য আমরা ওই প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়ার চিন্তা করছি।’