কলাপাড়ায় রোপা আমনের চারা পুড়ে যাচ্ছে
পটুয়াখালীর উপকূলীয় কলাপাড়া উপজেলার ধুলাসর ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের ইলিয়াস খলিফা চলতি আমন মৌসুমে বাঁধের বাইরে তার এক একর জমিতে রাজাশাইল, স্বর্ণা, বাম্বু ইরি জাতের চারা রোপণ করেছেন। কিন্তু কয়েক দিন পর দেখা যায় তাঁর রোপা খেত পুড়ে যাচ্ছে। খেতের ধানগাছ এখন খয়েরি রং ধারণ করেছে। ইলিয়াস খলিফা জানান, তাঁর এই এক একর জমিতে চারা রোপণ পর্যন্ত ২০ হাজার টাকা ব্যয় হয়ে গেছে। এই খেতে যে ফসল হবে, তাও অনিশ্চিত। আর এখন আবার নতুন করে চারাও বুনতে পারবেন না। এ অবস্থায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। বাঁধের বাইরের সব জমির রোপা আমনের চারা দিন দিন পুড়ে খয়েরি রং হয়ে যাচ্ছে। জোয়ারের পানিতে ডুবে যায় বাঁধের বাইরের জমি। ফলে জমিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। তারপরও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জমির লবণাক্ততা না কমায় চারা খয়েরি রং ধারণ করছে বলে কৃষি অফিস মনে করছে। ধুলাসর ইউনিয়নের চাপলী বাজার সংলগ্ন খালের পারে খেতের চারাগুলো পুড়ে যাচ্ছে। কৃষকেরা খেত পরিচর্যা করছেন চারা বাঁচিয়ে তোলার জন্য। পোনাউপাড়া গ্রামের কৃষক ইদ্রিস আকন বলেন, ‘সাত একর জমিতে রাজাশাইল, স্বর্ণা, ইরি-১১ ধান, মোটা ধানের চারা লাগাইছি। খেতে চারা মইরা যাইতাছে। গত বছরও এক একর জমিতে ২৫ মন থেইক্যা ২৭ মণ কইরা ধান পাইছি। কিন্তু এইবার ধান পাওয়ার আর সম্ভাবনা নাই। আর নতুন কইরা চারা রোপণেরও সময় নাই। এহন আমরা কী করুম।’ গ্রামের বাঁধের বাইরে রত্তন আলী শরীফ করেছেন তিন একর, মাসুম শরীফ দুই একর এবং আজিজ জোমাদ্দার এক একর জমিতে রোপা আমন লাগিয়েছেন। তাঁদের খেতের চারাও মরে যাচ্ছে বলে তাঁরা জানিয়েছেন । কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিরত্তম কুমার সরকার বলেন, উপজেলার ধুলাসর, খাপড়াভাঙ্গা, লতাচাপলী, চাকামইয়া ইউনিয়নের বাঁধের বাইরে ১০০ একরের মতো রোপা চারা পুড়ে খয়েরি রং ধারণ করছে। বিশেষ করে বাঁধের বাইরের জমিরই এ অবস্থা হচ্ছে। খবর পেয়ে খেত পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে জমিতে লবণাক্ততার প্রভাব রয়েছে এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় লবণ জেগে উঠে খেতের আমন চারা খয়েরি রং ধারণ করছে বলে মনে হচ্ছে। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নিখিল রঞ্জন মণ্ডল বলেন, খবর পেয়েই কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে মাঠ পরিদর্শনসহ কী কারণে রোপা চারা খয়েরি হয়ে যাচ্ছে, এ ব্যাপারে খোঁজখবর নিতে বলা হয়েছে। এ ছাড়া নমুনা হিসেবে ওই এলাকার মাটি ও পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পটুয়াখালী মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।