কলাপাড়ায় হরতাল সমর্থকদের হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের হামলায় তিনজন পুলিশসহ চারজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হরতাল সমর্থকেরা এ সময় পুলিশের পিকআপ ভ্যানে ভাঙচুর চালায়। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশ সুপার মো. আযাদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, পুলিশের উপপরিদর্শক মো. ইদ্রিস হাওলাদার (৪২), কনস্টেবল খলিলুর রহমান (৫৬), পুলিশ সদস্য খায়রুল (৩৮) ও পিকআপ ভ্যানচালক মাহবুব (৩৮)। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস হাওলাদার বলেন, হরতালের সমর্থকেরা সকাল থেকেই মহাসড়কে অবরোধ করে। পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে অনুরোধ করে। তারা চাকামইয়া ব্রিজের পশ্চিম পাশে গিয়ে সমবেত হয়। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসহাক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির সভাপতি মুফতি মো. হাবিবুর রহমানের বলেন, ‘হরতাল করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছিলাম। পুলিশই অন্যায়ভাবে কোনো কিছু না বলে আমাদের ওপর হামলা চালিয়েছে।’