কলাবাগানে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
রাজধানীর কলাবাগানে আজ রোববার রাতে মিজানুর রহমান (৩০) নামের ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সদস্যদের অভিযোগ, যুবলীগের কয়েকজন নেতা-কর্মী এ ঘটনা ঘটিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, মিজানুর ধানমন্ডি থানা শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কলাবাগান থানার শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর কলাবাগানের গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে থাকেন। আজ রাত আটটার দিকে তিনি পল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। কোয়ার্টারের প্রধান ফটকে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর বাম পাঁজরে লাগে। তাঁর চিত্কারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।মিজানুরের ভাই মঞ্জুরুল রাশেদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যুবলীগের কয়েকজন নেতা-কর্মী এ ঘটনা ঘটিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) নূরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’