কলাবাগানে নিজ বাসায় প্রকৌশলী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানের লেক সার্কাস এলাকার একটি ফ্ল্যাট থেকে গতকাল মঙ্গলবার রাতে গোলাম রহমান (৫৭) নামের একজন প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।কলাবাগান থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, গোলাম রহমানের স্ত্রী শাহানা রহমান বিএনপির সাবেক সাংসদ ছিলেন। গোলাম রহমান সপরিবারে ২৫/২ লেক সার্কাস, কলাবাগানে নিজ ফ্ল্যাটে থাকতেন। গত সোমবার তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যান। এ সময় গোলাম রহমান ও কাজের ছেলে নুরুল ইসলাম বাসায় ছিলেন। গত সোমবার ও মঙ্গলবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে ফোনে কথা হয়। কিন্তু শাহানা রহমান সন্ধ্যায় স্বামীর সঙ্গে আবারও ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, তবে তিনি ফোন ধরেননি। এরপর শাহানা কাজের ছেলের মোবাইলে ফোন দিলে সেও ফোন ধরেনি। পরে শাহানা ঢাকায় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করলে তারা রাত ১০টার দিকে ফ্ল্যাটে আসে। এ সময় তারা সিঁড়িতে ফ্ল্যাটের চাবি পড়ে থাকতে দেখে। চাবি দিয়ে বাসার দরজা খুলে হাত-পা বাঁধা অবস্থায় গোলাম রহমানকে পড়ে থাকতে দেখে। পরে কলাবাগান থানায় জানানো হলে গতকাল গভীর রাতে পুলিশ লাশ উদ্ধার করে।আশিকুর রহমান জানান, এরপর থেকে নুরুল ইসলাম পলাতক। শাহানা রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এতে নুরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করা হয়েছে।