কলামের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটের দশকের প্রথম থেকে ছিলাম সাহিত্যপত্র, লিটল ম্যাগাজিন ও দৈনিকের সাহিত্য সাময়িকীর লেখক। সত্তর ও আশির দশকে সংবাদ, দৈনিক বাংলা ও ইত্তেফাক-এর সাহিত্যের পাতার আমি ছিলাম প্রধান লেখকদের একজন। আশির দশকে সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্যে রাজনৈতিক নিবন্ধ লেখা শুরু করি। প্রথম কাজী নূর-উজ জামানের সাপ্তাহিক নয়া পদধ্বনিতে। তারপর সাপ্তাহিক খবরের কাগজ, দৈনিক আজকের কাগজ ও ভোরের কাগজ-এ। লেখক থেকে হলাম কলাম লেখক। আমার গণতান্ত্রিক সংগ্রামের অস্ত্র এবং রাজনৈতিক-সামাজিক চিন্তার প্রকাশমাধ্যম কলাম।১৯৯৮-এর ৪ নভেম্বর মতিউর রহমানের সম্পাদনায় আত্মপ্রকাশ করে নতুন ধারার দৈনিক প্রথম আলো। প্রথম দেড় বছর সাহিত্যের পাতা ও সম্পাদকীয় পাতায় আমার লেখা ছিল অনিয়মিত। তখন ডেইলি স্টার-এর সম্পাদকীয় পাতায় লিখতাম। বিজাতীয় ভাষায় মনের ভেতর থেকে লতিয়ে ওঠা আবেগ ও অনুভূতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব নয়। বিশেষ করে ইংরেজি ভাষার স্বল্প পুঁজি নিয়ে। মতিউর রহমান প্রথম আলোতে নিয়মিত লিখতে বললেন। মাসে দুটো। নতুন শতাব্দীর প্রথম দিন থেকে শুরু। ‘সহজিয়া কড়চা’ শিরোনাম দিই পরে। মতিউর রহমান যখন মাসে চারটে লিখতে বললেন, তখন হাজির হই ‘বাঘা তেঁতুল’ নিয়ে। গত দশ বছরে এমন একটি সপ্তাহ নেই আমার কলাম প্রথম আলোতে প্রকাশিত হয়নি। এই সময়ে আমি অসুস্থ হয়ে হাসপাতালে থেকেছি, বিদেশে গিয়েছি, আমার লেখা বন্ধ হয়নি। আমি দাবি করতে পারি, প্রথম আলোতে যাঁরা কর্মরত তাঁরাও কেউ আমার চেয়ে বেশি লেখেননি গত এক যুগে।এ যুগে সমসাময়িক বিষয়ে বিশ্লেষণমূলক উপসম্পাদকীয় নিবন্ধ সংবাদপত্রের অপরিহার্য অংশ। মানুষ শুধু তথ্য জানতে চায় না, শুধু শুকনো খবরে সন্তুষ্ট নয়, তথ্যের অতিরিক্ত আরও কিছু তার দাবি। সে জন্য সম্পাদকীয় পাতায় তার এত আগ্রহ। সেখানে তিনি পছন্দের লেখকের লেখা খোঁজেন। তাঁর আগ্রহের বিষয়ে মতামত জানতে চান।আমাদের দেশে পেশাদার কলাম লেখক আছেন কেউ কেউ। অপেশাদার নিয়মিত কলাম লেখক আজ অগণিত। তাঁরা সব বিষয়ে জানেন। তাঁরা এক সপ্তাহে এক কাগজে গরুর গোবর ও চোনা নিয়ে লেখেন তো পরের সপ্তাহে আরেক কাগজে লেখেন দুধ ও মাখন নিয়ে। এক সরকারের সময় যদি লেখেন লাগাতার হরতাল-অবরোধের পক্ষে, আরেক সরকারের সময় আধা বেলা হরতালের কথা শুনলেই হাহাকার করেন। আমি অর্থের জন্য নয়, খ্যাতির জন্য নয়, আমার বলার কথা আছে বলেই লিখি, পত্রিকার পাতা ভরানোর জন্য নয়।কলাম লিখে অর্থও উপার্জন হয়, খ্যাতিও হয়, আবার কিছু মূল্যও দিতে হয়। কপাল খোলেও, কপাল পোড়েও। বিএনপি-জামায়াত জোটের সেটা স্বর্ণযুগ। পাকিস্তানপ্রেমী ধর্মান্ধরা ধারালো অস্ত্র দিয়ে কোপাল হুমায়ুন আজাদকে। হুমায়ুন আমার ছাত্রজীবনের বন্ধু-সহপাঠী। তাঁর আহত হওয়ায় আমিই যেন আহত হই। তার কয়েক দিন আগে কামাল হোসেনের গাড়িবহরে হামলা হয়। চারদিকে দুর্নীতি, অনাচার, সন্ত্রাস। হুমায়ুনকে আক্রমণের প্রতিবাদে লিখলাম। তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হারিছ চৌধুরী ও তাঁদের বন্ধুরা খেপে গেলেন। আমাকে বলা হলো, প্রথম আলোতে কলাম লেখা বন্ধ করতে। বন্ধ করব কি করব না—সে সিদ্ধান্ত নিতে এক ঘণ্টা সময় চেয়ে নিই। পদত্যাগপত্র মুসাবিদা ও টাইপ করাতে ঘণ্টা খানেক সময়ের প্রয়োজন ছিল। লিখেছিলাম, আমার চাকরির চেয়ে আমার প্রতিভাবান বন্ধুর জীবনের মূল্য বেশি, আমার চাকরির চেয়ে আমার স্বাধীন চিন্তাচর্চার মূল্য বেশি। এক কলামেই আমার ৩৪ বছরের কর্মজীবনের অবসান ঘটে। মাস খানেক পর হুমায়ুন একটু সুস্থ হয়ে বলল, পদত্যাগ করা ঠিক হয়নি। ছেলেমেয়েরা এখনো পড়াশোনা শেষ করেনি। কলাম পড়ে বিভিন্ন শ্রেণীর শীর্ষস্থানীয় ব্যক্তিরা ফোন করেন। তাঁদের মতামতের মূল্য একরকম। যুবসমাজ যে মতামত দেয় তার মূল্য অসামান্য। চোখের আড়ালে থাকা অজানা-অচেনা অগণিত পাঠকের সঙ্গে তৈরি হয় অন্য রকম এক আত্মিক সম্পর্ক। মাঝেমধ্যে দূর থেকে তাঁরা কেউ তাঁদের বাড়ির কলাটা-মূলাটা নিয়ে কষ্ট করে আসেন। কেউ কিছু আতপ চাল ও পাটালি গুড়। গোটা চারেক নারকেল। গত এক যুগে কতজন যে আমাকে ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন তার শেষ নেই। একদিন ইংরেজি সাপ্তাহিক First News-এর সম্পাদক ও ডেইলি স্টার-এর কলামিস্ট মোহাম্মদ বদরুল আহসানের সঙ্গে নরসিংদী থেকে ফিরছিলাম। রাস্তার পাশে এক গ্রামের বাজারে সবজি কিনতে যাই। বদরুল কিনলেন বিভিন্ন তরিতরকারি। আমি দুই আঁটি লাউশাক। রাস্তার ওপার থেকে দুই যুবক দৌড়ে এলেন। একজন বললেন, ‘স্যার, আমি আপনার কলামের পাঠক। শাকের দাম আমি দিমু।’ বিক্রেতাকে ২০ টাকা দিয়ে শাক তুলে দিলেন গাড়িতে।টাঙ্গাইল থেকে ফিরছিলাম। প্রাকৃতিক প্রয়োজনে রাস্তার পাশে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। দেখি পিঠের তিন-চার হাত দূরে এক ভদ্রলোক অপেক্ষমাণ। বললেন, তিনি আমার সহজিয়া কড়চা, বাঘা তেঁতুল পড়েন। পীড়াপীড়ি করছিলেন তাঁর বাড়িতে একটু যেতে। যেতেই হলো। তাঁর উঠানে ছোট্ট একটি গাছে এবারই প্রথম তিনটে লেবু ধরেছে। দুটো লেবু ছিঁড়ে আমার হাতে দিলেন। অমূল্য উপহার। এ উপহার তো আমাকে নয়, আমার কলামকে। তাঁকে বললাম, দুটি লেবু দিলেন। এর একটি তো সম্পাদকের প্রাপ্য।বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ এত বেশি ও জটিল যে তা নিয়ে লিখতে গিয়ে কখনো ভুল করিনি তা বলব না। তবে ভরসা এই যে কলাম লেখকদের ভুলকে মানুষ ক্ষমা করে ও ভুলে যায়। যাঁরা দেশের অধিপতি ও জনগণের ভাগ্যবিধাতা তাঁদের ভুল ইতিহাস ক্ষমাও করে না, ভোলেও না।