কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ বা ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধীনে ওয়াল স্ট্রিট দখল আন্দোলন সম্পর্কে পাঠদান করা হবে।‘অকুপাই দ্য ফিল্ড’ শিরোনামে বিষয়টি শিক্ষার্থীদের পড়াবেন ওয়াল স্ট্রিট দখল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী অধ্যাপক হানা অ্যাপেল। এ জন্য তিনি ও শিক্ষার্থীরা ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক এবং মাঠপর্যায়ে তাঁদের সঙ্গে কাজ করবেন।নিউইয়র্ক পোস্ট পত্রিকার কাছে অধ্যাপক হানা অ্যাপেল বলেছেন, আন্দোলনে নিজের সক্রিয়তা থাকায় সামাজিক এ আন্দোলন বিষয়ে আরও সমৃদ্ধ পাঠদান সম্ভব হবে।অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন শুরু হয়। নিউইয়র্কের জুকুটি পার্কে শুরু হওয়া এ আন্দোলনের ভাবধারা এর মধ্যে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। দল ও নেতাবিহীন এই আন্দোলনকে অধুনা উদারনৈতিক সামাজিক আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। মাত্র চার মাসের আন্দোলনের প্রভাব খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। অর্থনৈতিক-বৈষম্য, করপোরেট আধিপত্য ও সামাজিক ন্যায়বিচার নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আগামী নির্বাচনে এর প্রভাব প্রত্যক্ষ করা যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলন পশ্চিমা উদারনৈতিক মহলের ব্যাপক সমর্থন লাভ করছে। তবে রক্ষণশীল ও করপোরেট-বাণিজ্য কর্ণধারদের ব্যাপক বিরোধিতা এখন স্পষ্ট এই আন্দোলনকে ঘিরে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরের কেন্দ্র থেকে জড়ো হওয়া আন্দোলনকারীদের নানা কৌশলে উচ্ছেদের চেষ্টা অব্যাহত রয়েছে। গত সোমবারও নিউইয়র্কের পুলিশ ৬৮ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে।