কলারোয়ার ইটভাটা থেকে শেকল বাঁধা শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিন পর ৯ ডিসেম্বর শেকল দিয়ে বাঁধা অবস্থায় ইটভাটার এক শ্রমিককে উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ইটভাটার ব্যবস্থাপক (ম্যানেজার) ও সহকারী ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকের নাম শাহাদাত হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরা তালা উপজেলার মাহমুদপুর গ্রামের কওছার আলীর ছেলে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, তালা উপজেলার মাহমুদপুর গ্রামের ভাটাশ্রমিক শাহাদাত হোসেনকে টাকা লেনদেনসংক্রান্ত বিষয়ে কলারোয়ার শ্রীপতিপুর এলাকায় মেসার্স হোসেন ব্রিকস নামক ইটভাটায় ৪ ডিসেম্বর থেকে শেকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। কলারোয়া পৌর বিএনপির সহসভাপতি কামরুল হোসেনের মালিকানাধীন ভাটায় এ নির্যাতন হচ্ছে, এমন খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) জিয়াউল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। ভাটার একটি পরিত্যক্ত ঘর থেকে শেকল দিয়ে বাঁধা অবস্থায় শাহাদাত হোসেনকে উদ্ধার করা হয়। এ সময় শাহাদাত হোসেনকে পাহারা দেওয়া এবং নির্যাতনের অভিযোগে ইটভাটার ব্যবস্থাপক যশোর সদরের চাঁচড়ার সবজিবাগ এলাকার আহম্মদ গাজী ও সহকারী ব্যবস্থাপক কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের ইমাম হাসানকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া শাহাদাত হোসেনের শরীরের কয়েক স্থানে শেকল দিয়ে বেঁধে রাখার কারণে ক্ষত হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।শাহাদাতের স্ত্রী নাজমা বেগমের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, তাঁর স্বামী শাহাদাত হোসেন ওই ভাটায় দীর্ঘদিন ধরে শ্রমিকের সর্দার হিসেবে কাজ করে আসছেন। এ কারণে মালিকের সঙ্গে কাজ করে দেওয়ার বিষয়ে কিছু টাকা লেনদেন হয়। একপর্যায়ে কথামতো কাজ না করায় ক্ষুব্ধ হয়ে ইটভাটার মালিক কামরুল হোসেন ৪ ডিসেম্বর কলারোয়া বাজার এলাকা থেকে শাহাদাত হোসেনকে ধরে ইটভাটায় নিয়ে গিয়ে নির্যাতন করেন। পরে একটি পরিত্যক্ত ঘরে শেকল দিয়ে বেঁধে রাখেন। এ খবর পেয়ে তাঁকে উদ্ধারের জন্য কয়েক দফায় ইটভাটার মালিকের সঙ্গে দেখা করলেও তাঁর স্বামীকে ছাড়েননি, বরং তাঁর সামনেই স্বামীকে ইটভাটার মালিক কামরুল, আহম্মদ ও ইমাম হাসান মারপিট করেছেন। কোনো উপায়ান্তর না দেখে ৯ ডিসেম্বর বিকেলে তিনি কলারোয়া থানার ওসির কাছে অভিযোগ করেন।ইটভাটার মালিক কলারোয়া পৌর বিএনপির সহসভাপতি কামরুল হোসেন জানান, শাহাদাত হোসেন তাঁর ভাটায় কাজ করে দেওয়ার কথা বলে জ্যৈষ্ঠ মাসে এক লাখ টাকা অগ্রিম নেন। তাঁর দেওয়া ১০-১২ জন শ্রমিক গত মাসে কয়েক দিন কাজ করার পর পালিয়ে যান। এ সময় তিনিও গা-ঢাকা দেন। এতে তাঁর ভাটায় ইট তৈরির কাজে ব্যাপক ক্ষতি হচ্ছিল। পরে তাঁর ভাটার কর্মচারীরা শাহাদাতকে পেয়ে ভাটার এলাকার ভেতর একটি ঘরে বসিয়ে রেখেছিলেন। পুলিশ সেখান থেকে শাহাদাতকে নিয়ে আসে।গ্রেপ্তার হওয়া কলারোয়ার শ্রীপতিপুর এলাকার মেসার্স হোসেন ব্রিকসের ব্যবস্থাপক আহম্মদ গাজী ও সহকারী ব্যবস্থাপক ইমাম হাসান বলেন, ‘শাহাদাত হোসেনের কাছে টাকা পাওনা আছি। তিনি ও তাঁর লোক কাজ না করে ইটভাটা থেকে পালিয়ে যান। পরে মালিকের নির্দেশে তাঁকে কলারোয়া বাজার এলাকা থেকে আটক করে শেকল দিয়ে বেঁধে রাখা হয়।’কলারোয়া থানার ওসি ইনামুল হক জানান, উদ্ধার হওয়া শাহাদাত হোসেনের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ইটভাটার মালিক কলারোয়া পৌর বিএনপির সহসভাপতি কামরুল হোসেন এবং গ্রেপ্তার হওয়া দুজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা করেছেন। উদ্ধার হওয়া শাহাদাত হোসেনকে তাঁর স্ত্রীর জিম্মায় দেওয়া হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।