কলারোয়ায় আ.লীগের দুই পক্ষের সভা, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া বাজারে আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে একই সময়ে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শনিবার রাতে প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে মাইকিং করে এ খবর জানিয়ে দেওয়া হয়।জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমানের পক্ষে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম ও কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন আজ দুপুর ১২টায় বোয়ালিয়া বাজার মোড়ে কর্মী সমাবেশ ডাকেন। একই স্থানে, একই সময়ে বিরোধী পক্ষ উপজেলা যুবলীগের সভাপতি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান স ম মোর্শেদ এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদ কর্মী সমাবেশ ডাকেন। কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আজ সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত কেড়াগাছি ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী বোয়ালিয়া বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।