কলারোয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু, চালক গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাসের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসের চালককে গ্রেপ্তার করেছে।নিহত ব্যক্তিরা হলেন—রবিউল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী আয়েশা খাতুন (৩৫)। তাঁদের বাড়ি কলারোয়ার ইলিশপুর গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যানচালক রবিউল ইসলাম ও তাঁর স্ত্রী গতকাল রাত নয়টার দিকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। যশোর-সাতক্ষীরা সড়কে চারাবটতলা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী সাতক্ষীরা এক্সপ্রেস নামের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় তাঁরা ছিটকে পড়েন। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। মারাত্মক আহত অবস্থায় আয়েশা খাতুনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল্লাহ সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে আটক এবং সেটির চালক জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।