কলারোয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে। আজ সোমবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কবীরুল ইসলাম (৩০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সীমান্তের গ্রামবাসী জানায়, কবীরুল ইসলাম ভারত থেকে গরু নিয়ে আসার জন্য গতকাল রোববার ভারতে যান। আজ ভোরে তারা কয়েকজন গরু নিয়ে ফেরার পথে ভারতের হাকিমপুর সীমান্তে পৌঁছালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে কবীরুল নিহত হন।নিহতের লাশ আজ সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল। পরে ভারতের স্বরূপনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাটের বদরতলা হাসপাতালের মর্গে পাঠায়।সাতক্ষীরা ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম ঘটনা নিশ্চিত করে বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের প্রায় ২০০ গজ ভেতরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতিমধ্যে বিডিআরের পক্ষ থেকে ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।