কলারোয়া পৌরসভার আসন্ন প্রথম নির্বাচন ঘিরে পৌরবাসীর উৎসাহ-উদ্দীপনা দিন দিন বেড়েই চলেছে। আগামী ডিসেম্বরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে এমন সংবাদ প্রচার হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের প্রাত্যহিক কর্মকাণ্ডে এক নতুন মাত্রা যোগ হয়েছে। যদিও কলারোয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীরা অনেক আগে থেকেই মাঠে নেমে পড়েছেন এবং নানা কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত ঈদে সম্ভাব্য মেয়র প্রার্থীরা পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের প্রচারণার কাজ শুরু করেন। ঈদকার্ড বিলির পাশাপাশি ব্যানার, প্ল্যাকার্ড, স্টিকার, পোস্টারে পৌর এলাকার হাট-বাজার, লোকালয়, পথঘাট ছেয়ে গেলেও অনেক সম্ভাব্য প্রার্থী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তা সরিয়েও নিয়েছেন। কয়েকজন সম্ভাব্য প্রার্থী এবারের ঈদে পৌর এলাকার অনেক ছিন্নমূল ও দুস্থ পরিবারের মধ্যে ফিরিয়ে দিয়েছেন ঈদ আনন্দ। তাঁরা অংশীদারও হয়েছেন সে আনন্দে। অনেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সেই সঙ্গে প্রার্থীরা ভোটারদের জানান দিয়েছেন তাঁদের অবস্থানও। সব প্রার্থীই অবহেলিত পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। অধিকারবঞ্চিত পৌরবাসীকে প্রাপ্য নাগরিক অধিকার পাইয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বেশির ভাগ প্রচারপত্রে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষিত না হলেও মাঠ দাপিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। অনেক ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও দেয়ালে পোস্টার সেঁটে দিয়ে প্রচারণা চালাচ্ছেন। ভোটাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র প্রার্থীদের মধ্যে যাঁদের প্রচারণা পৌরবাসীর নজর কেড়েছে তাঁরা হলেন কলারোয়া ইউরেকা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শেখ আমজাদ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন এবং ছাত্রনেতা গাজী মো. আক্তারুল ইসলাম। এ ছাড়া সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন সমাজসেবক কাজী আবদুল ওহাব, আশরাফ আলী ও জামায়াত সমর্থক কাজী মনিরুজ্জামান। এদিকে বিএনপি সমর্থক বিশিষ্ট ব্যবসায়ী শেখ শরিফুজ্জামানের নাম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রথম দিকে শোনা গেলেও বর্তমানে তাঁর নির্বাচনমুখী কোনো প্রচার-প্রচারণা বা গণসংযোগ চোখে পড়ছে না। কলারোয়া পৌরসভার ভোটার আবদুুল হামিদ, হাবিবুর রহমান, ওয়াজেদ আলীসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোটাররা সদালাপি, মিষ্টভাষী, বিনয়ী ও সাদা মনের মানুষকেই প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। প্রার্থীরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ফিরছেন বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি নিয়ে। তাঁরা চান দুর্নীতিমুক্ত একটি পৌর প্রশাসন, যেখানে থাকবে জনগণের ইচ্ছার প্রতিফলন, জবাবদিহি ও স্বচ্ছতা। ভোটারদের এই প্রত্যাশার সঙ্গে সুর মিলিয়ে প্রার্থীরাও সবখানেই তাঁদের এ জাতীয় রুটিন প্রতিশ্রুতির কথা জানিয়ে পৌরবাসীর আশীর্বাদ কামনা করছেন। পৌরবাসীও অধীর আগ্রহভরে প্রার্থীদের এসব প্রতিশ্রুতি শুনছেন ও ভাবছেন। প্রসঙ্গত, এক যুগ আগে কলারোয়াকে পৌরসভা ঘোষণা করা হলেও সরাসরি ভোটাদের নির্বাচনে মেয়র কিংবা কমিশনার নির্বাচিত হয়নি। সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় এ পৌরসভার নির্বাচন হয়নি একবারও। মামলার জটিলতা কাটিয়ে এবার এ পৌরসভায় নির্বাচন হবে বলে জানা গেছে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে। ফলে এখানে আগেভাবে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।