কলারোয়ায় সেই ৩০০ বিঘা জমিতে বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় জলাবদ্ধ এলাকার পানি নিষ্কাশন করে চাষ উপযোগী করে তোলা ৩০০ বিঘা জমিতে এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। উৎসবের আমেজে থাকা কৃষাণ-কৃষাণীরা ধান কাটা ও সংগ্রহের কাজে এখন ব্যস্ত সময় কাটচ্ছেন। কৃষক সূত্রে জানা যায়, গত ছয়-সাত বছর নাব্য হারা কপোতাক্ষের কারণে কলারোয়ার চারটি ইউনিয়নের জলাবদ্ধ প্রায় ১৫ হাজার বিঘা জমিতে বোরোসহ কোনো ফসল উৎপাদন হতো না। কৃষকেরা ব্যক্তি উদ্যোগসহ সমবায় ভিত্তিতে ওই জলাবদ্ধ জমি সেচে পানি নিষ্কাশন করে এবার বোরো আবাদের উপযোগী করে তোলেন। তাঁরা ২৫টি শ্যালো মেশিন দিয়ে এক মাসের প্রচেষ্টায় কপোতাক্ষ তীরবর্তী ক্ষেত্রপাড়া, গাজনা, রামকৃষ্ণপুর, মানিকনগর ও বসন্তপুর বিলের প্রায় ৩০০ বিঘা জমির পানি সরিয়ে সেগুলো বোরো আবাদের উপযোগী করে তোলেন। সেই জমিতে আবার ফলন হওয়ায় কৃষকেরা যারপর নেই খুশি। ২৯ এপ্রিল সরেজমিন দেখা গেছে, এসব কৃষক পরিবার ধান কাটা ও ঘরে তোলার জন্য দিন-রাত কাজ করছেন। এ সময় ক্ষেত্রপাড়া গ্রামের কৃষক শেখ আমজাদ হোসেন বলেন, ‘পানি নিষ্কাশনের মাধ্যমে ফিরে পাওয়া দুই বিঘা জমির প্রায় ৫০ মণ ধান ঘরে তুলেছি। এই ধান বিক্রির টাকায় গরু কিনব। ছেলেমেয়েদের শখ পূরণ করব।’ রামকৃষ্ণপুর গ্রামের সহিদুল সরদার বলেন, ‘আমার ৩৫ বিঘা জমিতে ভালো ফলন হয়েছে। এখন থেকে সংসারের প্রয়োজন মেটাতে আর পেছন ফিরে তাকাতে হবে না।’ গাজনা গ্রামের আফছার এবার সাত বিঘা জমির ফলনে রীতিমতো মহাখুশি। কলারোয়া উপজেলা সহকারী শস্য সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘৩০০ বিঘা পতিত জমিতে চাষ করায় সেখানে রাসায়নিক সার ও কীটনাশক তেমন প্রয়োগ করতে না হওয়ায় এবং ব্রি-২৮ জাতের ধান রোপণ করায় বিঘাপ্রতি গড় ফলন হয়েছে ২৬ মণ করে।’উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আ. লতিফ বলেন, ‘কৃষি অফিস আগেভাগেই কৃষকদের সেচ কাজে উদ্বুদ্ধ করায় উপজেলায় বোরো আবাদের ১২ হাজার ৫০০ হেক্টরের যে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল, নতুন করে পাওয়া এ ফলনে এবার উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।’