কলিম শরাফী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসংগীত দিয়ে শুরু। পরে রবীন্দ্রনাথের গানই হয়ে ওঠে তাঁর ধ্যান-জ্ঞান, সাধনা। বর্ণাঢ্য কর্মময় জীবন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ‘ভারত ছাড়’ আন্দোলন করেছেন, অংশ নিয়েছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। স্বাধীনতা-উত্তরকালে আমাদের সব আন্দোলন-সংগ্রামে, বিশেষ করে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের আন্দোলনে তিনি ছিলেন রাজপথের সামনের কাতারে। আর এ দেশে রবীন্দ্রসংগীতচর্চার বিকাশ ও সুস্থ সংস্কৃতিচর্চায় তাঁর ভূমিকা ছিল অন্যতম প্রধান পথিকৃতের। তিনি উপমহাদেশের স্বনামখ্যাত সংগীতশিল্পী কলিম শরাফী। গতকাল মঙ্গলবার ৮৬ বছর বয়সে এসে থেমে গেল তাঁর গান। রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।পরাধীন ভারতে কারাজীবনে রবীন্দ্রনাথ হয়ে উঠেছিল তাঁর আশ্রয়। সেই সংগীতকে ঘিরে তিনি ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তাঁর শোবার ঘরে গতকালও ছিলেন রবীন্দ্রনাথ। রংতুলিতে আঁকা। বিছানায় কাফনে জড়ানো শিল্পী ছিলেন নীরব-নিথর। তিনি স্ত্রী অধ্যাপক নওশাবা খাতুন, মেয়ে আলেয়া শরাফী, ছেলে আজিজ শরাফীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।অশ্রুসজল প্রিয়জন ও তাঁর অনুরাগীরা ফুলের স্তবকে কফিন ভরিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জানানো হয়েছে অন্তিম বিদায়। হেমন্তের শিশিরভেজা রাতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে অন্তিম শয্যায় শায়িত করা হয়।প্রবীণ শিল্পী দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানাবিধ সমস্যায় ভুগছিলেন। শেষ দিকে চির হাস্যোজ্জ্বল মানুষটির চলাফেরা করতে কষ্ট হতো। অন্যের সাহায্য নিতে হতো। অবশেষে চলে গেলেন না-ফেরার দেশে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর বারিধারার প্রগতি সরণির বাসায় সাংস্কৃতিক কর্মী ও অনুরাগীরা আসেন শ্রদ্ধা জানাতে।শহীদ মিনারে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল প্রয়াত শিল্পীর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানায়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন মিয়াজি ও সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান প্রয়াত শিল্পীর কফিনে ফুল দেন।শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখান থেকে লাশ নেওয়া হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। রাত নয়টায় তাঁকে দাফন করা হয়।বর্ণাঢ্য জীবন: ১৯২৪ সালের ৮ মে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ী মহকুমার খয়রাদিহি গ্রামে তাঁর জন্ম। বাবা মরহুম সামি আহমেদ শরাফী, মা বেগম আলিয়া। কলিম শরাফী যখন দশম শ্রেণীর শিক্ষার্থী, তখন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ‘হলওয়েল মনুমেন্ট’ আন্দোলনে যোগ দেন। ‘পঞ্চাশের মন্বন্তর’ হিসেবে পরিচিতি পাওয়া দুর্ভিক্ষের সময় লঙ্গরখানায় কাজ করতে গিয়ে তিনি কমিউনিস্ট নেতা কমরেড মুজাফ্ফর আহ্মদের সংস্পর্শে আসেন। ১৯৫০ সালে ঢাকায় চলে এসেছিলেন কলিম শরাফী।১৯৬৪ সালে ঢাকায় টিভি সেন্টার চালু করা হলে কলিম শরাফীকে অনুষ্ঠান পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১৯৬৭ সালে তিনি চাকরি থেকে ইস্তফা দেন। ১৯৬৮ সালে তিনি ব্রিটিশ রেকর্ডিং কোম্পানির পূর্ব পাকিস্তানের ম্যানেজার এবং পরে জেনারেল ম্যানেজার পদে উন্নীত হন। স্বাধীনতার পর বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে যোগ দেন কলিম শরাফী। এখানে তিনি জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপর বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিতে পরিচালক হিসেবে যোগ দিয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে অবসর নেন।দাঙ্গাবিধ্বস্ত ১৯৪৬ সালে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে বের হয় কলিম শরাফীর প্রথম গণসংগীতের রেকর্ড।ঢাকায় এসেই ক্যাজুয়াল আর্টিস্ট হিসেবে যোগ দেন রেডিওতে। ১৯৫১ সালে ঢাকা ছেড়ে তিনি চলে যান চট্টগ্রামে। এ সময় চট্টগ্রামে গড়ে তোলেন ‘প্রান্তিক’ নামের একটি সংগঠন। পূর্ব বাংলায় তখন তিনি নবনাট্য আন্দোলনের প্রথম প্রতিনিধি।১৯৫৭ সালে প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত পরিবেশন করেন আকাশ আর মাটি চলচ্চিত্রে। ১৯৫৮ সালে রেডিওতে সম্প্রচার নিষিদ্ধ করা হলো কলিম শরাফীর গান। একাত্তরে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।১৯৬৯ সালে শিল্পী কলিম শরাফী উদীচীর সঙ্গে সম্পৃক্ত হন। তিনি দীর্ঘকাল ছিলেন উদীচীর উপদেষ্টা ও সভাপতি। ১৯৭৯ সালে গঠিত হয় ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’। শিল্পী কলিম শরাফী এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক। পরবর্তী সময় ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ’ই রূপান্তরিত হয় ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’-এ। ১৯৮৩ সালের এপ্রিলে ‘সংগীত ভবন’ নামে একটি সংগীত বিদ্যালয় গড়ে তোলেন। প্রতিষ্ঠাকাল থেকেই কলিম শরাফী এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ জীবনে মাত্র পাঁচটি গানের অ্যালবাম বেরিয়েছে কলিম শরাফীর। শিরোনামগুলো হলো: এই কথাটি মনে রেখো, আমি যখন তার দুয়ারে, কলিম শরাফীর যত গান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং জ্যোতিরিন্দ্র মৈত্রের কথা ও সুরে নবজীবনের গান। সূর্যস্নান ছবিতে ‘পথে পথে দিলাম ছড়াইয়ারে’ গানটি তাঁর গাওয়া।পুরস্কার ও সম্মাননাসংগীতে অনন্য অবদানের জন্য কলিম শরাফী একুশে পদক, স্বাধীনতা পদক, নাসিরউদ্দিন স্বর্ণপদক, বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুব উল্লাহ স্বর্ণপদক, বাংলা একাডেমীর রবীন্দ্র পদকসহ বহু সম্মাননা পেয়েছেন। তাঁর সারা জীবনের এই অবদানকে স্মরণ করেই ‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০০৬’-এর আজীবন সম্মাননা পদকটি দেওয়া হয় তাঁকে।শোকউপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ও দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। শোকবাণীতে সংগীত ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় তাঁর অবদান, মুক্তিযুদ্ধের ভূমিকা এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের আন্দোলনে তাঁর ইতিবাচক ভূমিকার কথা স্মরণ করা হয়। পাশাপাশি শিল্পীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়।কিংবদন্তির শিল্পী কলিম শরাফীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন। শোকবাণীতে রাষ্ট্রপতি শিল্পীর দীর্ঘ কর্মময় জীবনের উল্লেখ করে বলেছেন, দেশের সংগীতাঙ্গনে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র, সংগীতচর্চার বিকাশে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত শিল্পী, সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা কলিম শরাফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তাঁর মৃত্যুতে বাঙালি জাতির সংগীত ও সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি হলো। তিনি শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ গঠনে জাতীয় সংগ্রামে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যসচিব হেদায়েতুল্লাহ্ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া সংগীত ভবন, বাংলাদেশ সংগীত পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্র মৈত্রী, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ, বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।