কলিম শরাফী স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিতে ফুলের মালা। স্মিত হাসিতে ভরা একটি সৌম্যকান্তি মুখ। কাশফুলের মতো সাদা চুল। চোখে চশমা। গালে হাত। তিনি সর্বজন শ্রদ্ধেয় সংগীতজ্ঞ কলিম শরাফী। তাঁর ভরাট কণ্ঠের গান শোনা যাবে না আর। গত বছরের ২ নভেম্বর সকালে চলে গেছেন না ফেরার জগতে। গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে রবীন্দ্রসংগীত ও গণসংগীতশিল্পী কলিম শরাফীকে স্মরণ করলেন তাঁরই গড়া প্রতিষ্ঠান সংগীত ভবনের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। এ স্মরণানুষ্ঠানে সম্মেলক কণ্ঠে গীত হয় ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’। একক সংগীত পরিবেশনায় অংশ নেন শর্মিলা চক্রবর্তী, নাফিসা রহমান খান, আহমেদ জিয়াউর রহমান, রিফাত জামাল, শাপলা ইসলাম, গোলাম মোস্তফা, সর্বাণী চক্রবর্তী, এমদাদ হোসেন, সঞ্চিতা দত্ত, আদৃতা আনোয়ার প্রমুখ। তাঁরা গেয়ে শোনান ‘পেয়েছি ছুটি বিদায় দে ভাই’, ‘আকাশ জুড়ে শুনিনু, ‘জনম জনম তব তরে কাঁদিব’, ‘চরণধ্বনি শুনি তব নাথ’ এসব গান। সবশেষে প্রদর্শিত হয় কলিম শরাফীর জীবনভিত্তিক তথ্যচিত্র পথে পথে দিলাম ছড়াইয়া। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নিশাত জাহান।অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংগীত ভবনের সচিব হাসি বিশ্বাস। কলিম শরাফীর জীবনী পাঠ করেন মাহমুদ সেলিম। আলোচনায় অংশ নেন কামাল লোহানী, বেলাল চৌধুরী, নওশাবা শরাফী প্রমুখ। সভাপতিত্ব করেন অধ্যাপক শামীমা পারভীন।