কলেজ অধ্যক্ষকে চড় মারলেন সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে সাংসদ (সংসদীয় আসন-৩) মো. হাফিজ উদ্দিন আহমেদ রানীশংকৈল মহিলা কলেজের অধ্যক্ষ মো. তফিল উদ্দিনকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজ চত্বরের ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে সীমানার কয়েকটি গাছ কেটে ফেলায় সাংসদ ক্ষুব্ধ হয়ে গত রোববার বিকেলে এ ঘটনা ঘটিয়েছেন। সাংসদের বক্তব্য, কেটে ফেলা গাছগুলো তাঁর নিজস্ব সম্পদ, কলেজ কর্তৃপক্ষ গাছগুলো কেটে বড় অপরাধ করেছে। তবে কলেজ অধ্যক্ষের দাবি, তিনি কলেজের সীমানার ভেতরের গাছ কেটেছেন, কাটা গাছগুলো সাংসদের নয়।ভুক্তভোগী মো. তফিল উদ্দিন রানীশংকৈল মহিলা কলেজের অধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রভাষক আবদুল খালেক জানান, কলেজের উন্নয়ন সম্পর্কে সিদ্ধান্ত নিতে গত রোববার বিকেলে ব্যবস্থাপনা কমিটির এক সভা আহ্বান করা হয়। সেই সভায় অংশ নিতে এসে সাংসদ মো. হাফিজ উদ্দিন আহমেদ মোটরসাইকেলে চড়ে কলেজ চত্বরে ঢুকে কলেজের অধ্যক্ষ মো. তফিল উদ্দিনের শার্টের কলার চেপে ধরে চড়-থাপড়, কিল-ঘুষি মারতে থাকেন। এ ঘটনায় কলেজ চত্বরে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। পরে তাঁরা ছুটে এসে অধ্যক্ষকে রক্ষা করেন। ঘটনা ঘটিয়েই সাংসদ কলেজ এলাকা থেকে চলে যান।জানা যায়, চলতি সেশনের ছাত্রীদের আবাসন-সুবিধার জন্য গত জানুয়ারি মাসে কলেজ পরিচালনা কমিটি দেড় লাখ টাকা ব্যয়ে একটি কলেজ হোস্টেল নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। পরে শিক্ষক কাউন্সিলের সভায় কলেজ হোস্টেল নির্মাণের খরচ কলেজ চত্বরের ঘোড়া নিমগাছ বিক্রি করে বহন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হলে বিভিন্ন আকৃতির ৮০টি গাছ ৮০ হাজার টাকায় বিক্রি করে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়, কেটে ফেলা গাছের জায়গায় নতুন গাছ রোপণ করা হবে। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট কলেজ চত্বরে ১৫০টি ঘোড়া নিমগাছ রোপণ শুরু হয়। গাছ রোপণ করতে গিয়ে কলেজ চত্বরের প্রবেশমুখের ঝোপঝাড় পরিষ্কার করার প্রয়োজন পড়ে। সেগুলো পরিষ্কার করতে গিয়ে কয়েকটি শজিনা, বেল, কুল ও বনজ গাছ কাটা পড়ে।এদিকে সাংসদের জমির তত্ত্বাবধায়ক মসলেম উদ্দিন এ ঘটনা তাঁকে জানালে রোববার বিকেলে সাংসদ কলেজ চত্বরে ঢুকে অধ্যক্ষকে কলেজ পরিচালনা কমিটির সদস্যদের সামনে শার্টের কলার চেপে ধরে মারধর করেন।এ প্রসঙ্গে কলেজের জমিদাতা আবদুল বাসেদের ছেলে কলেজের অফিস সহকারী গোলাম রব্বানী জানান, যে জমি নিয়ে সাংসদ এমন কাণ্ড ঘটিয়েছেন, সেই জমি আসলে তাঁর নয়। এই জমিটুকু তাঁর বাবা কলেজকে দান করেছিলেন। তিনি না বুঝেই অধ্যক্ষকে মারধর করলেন।রানীশংকৈল মহিলা কলেজের অধ্যক্ষ মো. তফিল উদ্দিন এ বিষয়ে বলেন, ‘ভুল করে থাকলে সাংসদ হাফিজ উদ্দিন আহমেদ কলেজ পরিচালনা কমিটির কাছে বিচার দিতে পারতেন। তাঁরা যে সিদ্ধান্ত নিতেন, তা মেনে নিতাম। তাঁর হাতে মার খাওয়ার জন্য তাঁকে জনপ্রতিনিধি বানানো হয়নি। এখন আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না।’ এ ঘটনা সম্পর্কে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তোয়াহা বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনটি হওয়া উচিত নয়। ঘটনার পর কলেজ অধ্যক্ষের সঙ্গে এমপির মিলমিশ করে দেওয়া হয়েছে।এ বিষয়ে সাংসদ মো. হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘একটি ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনার সৃষ্টি হয়েছে। কাউকে না জানিয়ে আমার জমির গাছ কাটায় আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’কয়েকটি গাছ কাটার শাস্তি হিসেবে একজন অধ্যক্ষকে সবার সামনে মারধর করা উচিত হয়েছে কি না, এ প্রশ্নের জবাব এড়িয়ে তিনি বলেন, ‘তবে কি তাঁকে পুলিশে দেওয়া উচিত ছিল? সে ভুল করেছে বলেই শাস্তি পেয়েছে। বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছে। এটা আর বাড়িয়ে লাভ কী?’গতকাল দুপুরে কলেজ চত্বরে গিয়ে দেখা যায়, কলেজে শিক্ষক কাউন্সিলের সভা চলছে। সেই সভায় সাংসদ মো. হাফিজ উদ্দিন আহমেদ রানীশংকৈল মহিলা কলেজের অধ্যক্ষ মো. তফিল উদ্দিনকে মারধর করার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো, বুধবার কলেজ চত্বরে সংবাদ সম্মেলন করে ঘটনার নিন্দা জানানো এবং ১০ সেপ্টেম্বর অধ্যক্ষকে মারধর করার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ, ক্লাস বর্জন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হবে।