কলেজ শিক্ষকের একদিন
শিক্ষকতা পেশায় অনেকেই আসতে চান।পড়াতে চান কলেজে।একজন কলেজ শিক্ষকের একেকটি কাজের দিন কেমন কাটে তা জানিয়েছেন ঢাকা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আক্তার। ‘ঘুম থেকে উঠি সকাল ছয়টায়। মেয়েকে স্কুলে দিয়ে আসা থেকে শুরু হয় দিনের কাজ।বাসায় ফিরে ছোট ছেলেটিকে তৈরি করি। তাকে স্কুলে পাঠিয়ে তবেই আমার কলেজে যাওয়া। সকাল সাড়ে আটটার দিকে কলেজের উদ্দেশে বের হই বাসা থেকে। নয়টার মধ্যে কলেজে পৌঁছে যাই। প্রতিদিন তিন-চারটা ক্লাস নিতে হয়। দুপুর দুইটা পর্যন্ত চলে আমার ক্লাস নেওয়া। ক্লাসের বাইরেও শিক্ষার্থীদের কিছুটা সময় দিতে হয়। ক্লাসে না বুঝলে বাইরে শিক্ষার্থীদের পড়া বুঝিয়ে দেওয়া অথবা তাদের ব্যক্তিগত সমস্যাগুলো চেষ্টা করি সমাধান করার। শিক্ষক হিসেবে শুধু ক্লাসে নয়, ক্লাসের বাইরেও সব সময় শিক্ষার্থীদের সহায়তা করার চেষ্টা করি। প্রায় প্রতিদিনই কলেজের ও কলেজের বাইরের বিভিন্ন পরীক্ষা থাকে। সে ক্ষেত্রে বিকেল পাঁচটায় কাজ শেষ হয়। পড়ানোর বাইরেও শিক্ষার্থীদের নিবন্ধন, ফরমপূরণ, ভেরিফিকেশনের মতো দায়িত্বগুলো আমি পালন করি।ইতিহাস বিভাগের প্রতিদিনের অর্থনৈতিক খরচের হিসাব আমি দেখে থাকি। বাসায় এসেও থেমে থাকে না কাজ।আমার ছোট ছেলেটা অটিস্টিক। বাসায় এসে তাকে নিয়েই ঘুরতে বের হই। যতটা পারি তাকে সময় দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি পিএইচডির পড়াশোনার প্রস্তুতি নিতে হয়। এ ছাড়া পরীক্ষা থাকলে সে খাতাগুলো বাসায় এসেও কিছুটা দেখতে হয়। অনুলিখন: রয়া মুনতাসীর