কলেজছাত্র অপু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে কলেজছাত্র আশেকুর রহমান খান ওরফে অপু হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। এ ছাড়া এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মঞ্জুরুল আবেদিন ওরফে রাসেল ও নওশাদ হোসেন মোল্লা ওরফে রবিন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন—মোহাম্মদ আলী ওরফে মুন্না, ইফতেখার বেগ ওরফে ঝলক, মাহবুব আলম ও বিপ্লব চন্দ্র দাস। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে মাহবুব আলম ও বিপ্লব চন্দ্র দাস পলাতক আছেন। খালাসপ্রাপ্ত একমাত্র আসামি হলেন আতিক আহমদ ওরফে শিপলু। রায় ঘোষণার আগে কারাগারে আটক চার আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পরপরই আদালতে উপস্থিত আসামি ও তাঁদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।রায় ঘোষণার সময় অপুর মা আদালতে উপস্থিত ছিলেন। আসামি মোহাম্মদ আলী ও মাহবুব আলমের মৃত্যুদণ্ড না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।অপুর মা সাংবাদিকদের জানান, রায়ের কপি হাতে পাওয়ার পর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তিনি আপিল করার সিদ্ধান্ত নেবেন। ২০০৮ সালের ২৩ মে পেশাদার সন্ত্রাসীরা ১২ লাখ টাকা চাঁদার দাবিতে ওই দিন সন্ধ্যায় বাড়িতে ঢুকে অপু ও তাঁর ভাইদের মারধর ও গুলি করে। এতে অপু মারা যান। এ ঘটনায় নিহতের বোন আতিয়া খান বাদী হয়ে সূত্রাপুর থানায় এ মামলা করেন।