কলেজছাত্র আমজাদ হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্র আমজাদকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মো. মোতাহার হোসেন এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন কদমতলী থানার রায়েরবাগের মুজাহিদনগর ৬ নম্বর লেনের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে নাছির উদ্দিন ওরফে অনিক, নারায়ণগঞ্জের পাগলার মৃত হজরত আলীর ছেলে মো. আক্তার হোসেন ও কদমতলী মাতুয়াইল দক্ষিণপাড়ার মৃত ফজর আলী মাতবরের ছেলে শহীদ।রায় ঘোষণার সময় অনিক ও আক্তারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্য আসামি শহীদ পলাতক আছেন।রায় ঘোষণার সময় উপস্থিত দুই আসামি স্বাভাবিক ছিলেন। তবে আসামির স্বজনেরা রায় শুনে ক্ষুব্ধ হয়ে দায়িত্বরত পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। রায়ে বলা হয়, আসামিরা পূর্বশত্রুতার জের ধরে ২০০৯ সালের ১৪ জুন পরিকল্পিতভাবে আমজাদকে হত্যা করে। আসামি অনিক হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। অনিক এতে বলেন, তিনি আমজাদকে সিলেটে নিয়ে পাহাড় থেকে ফেলে হত্যার পরিকল্পনা করেছিলেন। এতে তাঁর (অনিকের) শাস্তি ও জরিমানা হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে আসামিরা পরস্পর যোগসাজশে ডেমরা এলাকার মজিবরের বাড়িতে নিয়ে আমজাদকে হত্যা করে।২০০৯ সালের ৩১ অক্টোবর অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। রাষ্ট্রপক্ষ আদালতে ১৩ জন সাক্ষীকে উপস্থাপন করে।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম।