কলেজছাত্র নিহতের পর ফেনী শহরে নৈরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ-ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রোববার ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরে তাণ্ডব চালিয়েছেন। এতে দুপুর ১২টার পর বেলা তিনটা পর্যন্ত জেলা শহর কার্যত অচল হয়ে পড়ে।শিক্ষার্থীরা ফেনী সদর হাসপাতালে ভাঙচুর চালান। এতে দুই চিকিৎসকসহ সাতজন আহত হন। শিক্ষার্থীরা ছয়টি বাসে অগ্নিসংযোগ করেন। এ সময় ভাঙচুর করা হয় কমপক্ষে ৩০টি বাস। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও অবরোধ করেন ছাত্ররা। ভাঙচুরের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে শহরের জিএ একাডেমি এলাকায় গ্রিন টাউন সার্ভিসের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও মোটরসাইকেলে আগুন লেগে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সালাউদ্দিন (২১) নামের একজন মারা যান। তিনি ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা গ্রামে। আহত জাকির হোসেন মিল্লাত (২২) ও জিকোকে (২৩) প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। তাঁরা দুজনই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।দুর্ঘটনার খবর শুনে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা ফেনী সদর হাসপাতালে ভিড় জমান। তাঁরা চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের বিভিন্ন কক্ষে ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলা চালান। এতে দুই চিকিৎসক ও পাঁচ কর্মচারী আহত হন। আহত চিকিৎসকেরা হলেন মলয় চক্রবর্তী ও শাহ জামাল খান। কর্মচারীরা হলেন টেকনিশিয়ান আবদুর রাজ্জাক, গেটম্যান আবদুস সাত্তার, নিরাপত্তাকর্মী দুলাল মিয়া, ওয়ার্ডবয় সাইফুল ও টিকিট কাউন্টারের নাসিমা। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাসিনা আক্তার হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক-কর্মচারীদের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। আহত চিকিৎসক মলয় চক্রবর্তী হাসপাতালে কাজের পরিবেশ রক্ষা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার দাবি জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে ভাঙচুরের পর শিক্ষার্থীরা হাসপাতাল চত্বরে রাখা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এরপর তাঁরা একাডেমি রোড, কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড ও এসএসকে সড়ক হয়ে মহীপালে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। ছাত্ররা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গ্রিন টাউন সার্ভিসের ছয়টি বাসে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া তাঁরা শহরের বিভিন্ন স্থানে কমপক্ষে ৩০টি বাস ভাঙচুর করেন। এ সময় মুহূর্তেই গোটা শহর যানবাহনশূন্য হয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। ফেনী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শহরে র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।দুপুর ১২টার পর থেকে গ্রিন টাউন সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য যানবাহনও চলাচল করেছে সামান্য। রাস্তায় রিকশা থাকলেও সংখ্যায় ছিল খুব কম।ফেনী শহর গ্রিন টাউন সার্ভিস মালিক সমিতির নেতা গোলাম ফারুক মজুমদার ৩৬টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন। তাঁরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শহরের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভাঙচুরের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে কেউ মামলা করেননি।নিহত সালাউদ্দিনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানা গেছে।