কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামে একটি পরিত্যক্ত ভিটা থেকে আজ শুক্রবার সকালে সুব্রত কুমার দে নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুব্রত এবার শোল্লা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুব্রতের বাবা পল্লি চিকিত্সক সুশীল কুমার দে তাঁর ছেলেকে ঘুমাতে দিয়ে তিনি অন্য কক্ষে ঘুমাতে যান। কিন্তু আজ সকালে ছেলেকে কক্ষে না পেলে খোঁজাখুঁজি শুরু হয়। সকাল ১০টার দিকে বাড়ি থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি ভিটায় সুব্রতের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরা বিষয়টি সুব্রতর পরিবার ও পুলিশকে জানান। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, সুব্রতকে ছুরিকাঘাত করে হত্যার পর মুখে ঘাসপাতা দিয়ে লাশ ফেলে রাখে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে মামলা করবেন। মামলার প্রক্রিয়া চলছে।সুব্রতর বাবা সুশীল কুমার দে অভিযোগ করেন, তিনি ঘুমিয়ে যাওয়ার পর তাঁর ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।