কলেজছাত্রী নিহতের ঘটনায় গাড়িচালককে সাত বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে রাজধানীর মালিবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী ফারজানা হোসেন সিলভির নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার রায় ঘোষিত হয়েছে। রায়ে ঘাতক কাভার্ডভ্যানের চালক নূরুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত। মামলার আসামি নূরুল ইসলাম বর্তমানে জামিন নিয়ে পলাতক।মুখ্য মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ এই রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত হওয়া সিলভির মা সুফিয়া হোসেন। রায় ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়েন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। এমনিভাবে আর কোনোদিন কোনো মায়ের বুক যেন খালি না হয়, সে জন্য বিদ্যমান আইন আরও কঠোর করতে হবে।’ উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ অক্টোবর মালিবাগ মোড়ে কলেজছাত্রী সিলভি ও তাঁর বান্ধবী লিজাকে বহনকারী রিকশাটিকে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তাঁরা রিকশা থেকে পড়ে যান। এ সময় রাস্তায় পড়ে যাওয়া সিলভিকে কাভার্ডভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পাশাপাশি গ্রেপ্তার করা হয় ঘাতক কাভার্ডভ্যানের চালক নূরুল ইসলামকে।২০০৮ সালে রমনা থানা পুলিশ আসামি নূরুল ইসলামকে খালাস দেওয়ার আবেদন করে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর পরপরই সিলভির মা সুফিয়া হোসেন চূড়ান্ত প্রতিবেদনের ওপর ‘না রাজি’ দিলে একই থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক নতুন করে ঘটনার তদন্ত শুরু করেন। ২০০৮ সালের ২৫ মার্চ নূরুল ইসলামকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়।