কলেজছাত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের রত্না আকতার (১৮) নামের এক কলেজছাত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রত্না ওই গ্রামের রাজা মিয়ার মেয়ে।পুলিশ ও নিহত রত্নার পারিবারিক সূত্র জানায়, গাইবান্ধা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রত্না গত সোমবার রাতে পড়ালেখা শেষে তাঁর নানির সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে ঘরের দরজা খুলে কে বা কারা রত্নার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁর সম্পূর্ণ শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা রত্নার নানি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে রাতেই তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় রত্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় তাঁর মৃত্যু হয়।রত্নার বাবা রাজা মিয়া একজন দরিদ্র কৃষক। গতকাল বিকেলে কঞ্চিপাড়া গ্রামে তাঁদের বাড়িতে গেলে পরিবারের সদস্যদের বিলাপ করতে দেখা যায়। রাজা মিয়া বিলাপ করে বলেন, ‘খুব কষ্ট করে মেয়েকে পড়াচ্ছিলাম। কে আমার এত বড় সর্বনাশ করল?’গতকাল সকালে পুলিশ সুপার বাসুদেব বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ রত্নার মুঠোফোন সেট, ঘরে পড়ে থাকা কিছু পেট্রলসহ একটি বোতল জব্দ করেছে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে সাতটায় লাশ এসে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় রাজা মিয়া একটি হত্যা মামলা করেছেন। রত্নার মুঠোফোনের কললিস্ট ধরে অপরাধীদের খোঁজার চেষ্টা করা হচ্ছে।