কলেজছাত্রীকে যৌন হয়রানির দায়ে ভাঙ্গায় যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর নাম ফরিদ মোল্লা (২২)। তিনি ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকার বাসিন্দা। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা থানায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এ দণ্ড দেন। ওই যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম বলেন, নগরকান্দা উপজেলার ওই ছাত্রী কলেজে আসা-যাওয়ার পথে বাসের টিকিট বিক্রেতা ফরিদ তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী বাড়ি যাওয়ার জন্য কাউন্টারে টিকিট কাটতে গেলে ওই যুবক ছাত্রীটিকে উত্ত্যক্ত করেন। আজ ছাত্রীটি বিষয়টি লিখিতভাবে জানালে তিনি ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, কলেজের অধ্যক্ষের লিখিত অভিযোগ পাওয়ার পর আজ বেলা ১১টার দিকে টিকিট কাউন্টার থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসলে ফরিদকে সে আদালতে সোপর্দ করা হয়।