কলেজছাত্রীর ওপর অ্যাসিড হামলা
রাজধানীর পুরান ঢাকায় আজ মঙ্গলবার দুপুরে এক কলেজছাত্রী ছুরিকাঘাত ও অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ওই ছাত্রীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিত্সকেরা। কায়েতটুলির পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) শাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার ৭৮/৩ নাজিমুদ্দিন রোডের তিনতলার কাজী অফিসের ভেতরে এক নারীর চিত্কার শুনে তিনি সেখানে যান। ওই ছাত্রী পুলিশের কাছে দাবি করেছেন, মনির নামের এক যুবক তাঁকে জোর করে ওই কাজী অফিসে নিয়ে আসে। বিয়ে করতে না চাইলে তাঁকে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করে এবং শরীরে অ্যাসিড ঢেলে দিয়ে পালিয়ে যায়।প্রথম আলো ডটকমকে দেওয়া কাজী অফিসের পাশের একটি ওষুধের দোকানের কর্মচারী দেলোয়ারের ভাষ্য, ‘কাজী অফিসের ভেতর থেকে এক নারীর “বাঁচাও বাঁচাও” চিত্কার শুনি। এরপর এক যুবককে পালিয়ে যেতে দেখা যায়।’ পুলিশ জানায়, আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও পরে জরুরি বিভাগে নেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা হরিদাস সাহা প্রতাপ বলেন, মেয়েটির পিঠে তিনটি ও ডান হাতে ধারালো ছুরির আঘাত রয়েছে। অ্যাসিডের কারণে তাঁর শরীরে ১৩-১৫ শতাংশ ক্ষত তৈরি হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ওই ছাত্রীর ভাই জানিয়েছে, তাঁর বোনকে একটি ছেলে উত্ত্যক্ত করত। ওই ছেলেটি এ ঘটনা ঘটাতে পারে।