কলেজটিতে শুধু নেই আর নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে এক হাজার ২০০ শিক্ষার্থীকে পড়ান সাতজন শিক্ষক। কলেজের ২৩টি শিক্ষক পদের ১৬টি শূন্য। নয়টি বিষয় পড়ানোর কোনো শিক্ষক নেই। কর্মচারী কল্যাণ তহবিলের টাকায় অন্য কলেজের ছয় শিক্ষককে এনে ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও নিরাপত্তার সমস্যাও প্রকট। এসব কারণে পড়ালেখার মানও নিম্নমুখী।কলেজ সূত্র জানিয়েছে, এখানে অধ্যক্ষসহ মোট শিক্ষকের পদ রয়েছে ২৩টি। এর মধ্যে অধ্যক্ষ, বাংলা ও রসায়নের দুজন সহকারী অধ্যাপক এবং ইংরেজি, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ভূগোল বিষয়ের প্রভাষক পদসহ ১৬টি পদ শূন্য রয়েছে। রসায়ন, ইসলামের ইতিহাস, দর্শন, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, হিসাববিজ্ঞান ও ভূগোল বিষয় পড়ানোর একজন শিক্ষকও নেই। এর মধ্যে রসায়নের সহকারী অধ্যাপকের পদটি পাঁচ বছর ধরে শূন্য। এ ছাড়া পদার্থবিজ্ঞানের প্রদর্শক পদ, অফিস সহকারী, এমএলএসএস ও ঝাড়ুদার পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ আশপাশের বেসরকারি কলেজ থেকে ছয়জন শিক্ষক এনে ক্লাস করাচ্ছে। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সরকারি কলেজে এভাবে শিক্ষক নিয়োগের বিধান না থাকলেও শিক্ষার্থীদের অনুরোধে এসব শিক্ষককে স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কলেজের কর্মচারী কল্যাণ তহবিলের টাকায় তাঁদের বেতন পরিশোধ করা হয়। এই তহবিলেও অর্থের সংকট দেখা দিয়েছে। আর বেশি দিন এখান থেকে বেতন পরিশোধ করা যাবে না। এদিকে কলেজের এক হাজার ২০০ শিক্ষার্থীর বিপরীতে এখানে মাত্র ৪৮ জন শিক্ষার্থী থাকার উপযোগী একটি ছাত্রাবাস রয়েছে। ছাত্রাবাস ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের বিনোদন কক্ষে বসার চেয়ার নেই। ছাত্ররা মেঝেতে বসে টেলিভিশন দেখেন। খাবার কক্ষেও চেয়ার-টেবিলের সংকট রয়েছে। বৈদ্যুতিক পাখাও অচল। এ ছাড়া পাঁচ শতাধিক ছাত্রী পড়ালেখা করলেও এখানে এখন পর্যন্ত কোনো ছাত্রীনিবাস গড়ে ওঠেনি। শিক্ষার্থীরা জানান, চলনবিলের মধ্যে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ কলেজে কোনো সীমানাপ্রাচীর নেই। ফলে স্থানীয় লোকজন কলেজ চত্বর দিয়েই যাতায়াত করে। মাঠ দখল করে খেলাধুলা ও নানা অনুষ্ঠান করে। এতে পরীক্ষা ও ক্লাসে সমস্যা হচ্ছে। অবাধে যাতায়াতের কারণে ছাত্রাবাস ও কলেজে মাঝেমধ্যে চুরির ঘটনাও ঘটে। তা ছাড়া দেশের অন্যান্য সরকারি কলেজে যখন ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হচ্ছে, তখন এই কলেজে পরীক্ষা ছাড়াই যে কেউ ভর্তি হতে পারছেন। শিক্ষক-সংকটসহ নানা সমস্যায় সচেতন অভিভাবকেরা এখানে ভালো ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছেন না। যাঁরা ভর্তি হচ্ছেন, তাঁদেরও যথাযথ শিক্ষা দেওয়া হচ্ছে না। ফলে কয়েক বছর ধরে এই কলেজ থেকে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারছেন না। চলতি বছরে এখান থেকে মাত্র তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অধ্যক্ষ পদে চলতি দায়িত্বে থাকা জ্যেষ্ঠ শিক্ষক রবীন্দ্রনাথ সরকার বলেন, ডিগ্রি পর্যায়ের কলেজে প্রতিটি বিষয়ের বিপরীতে তিনজন শিক্ষক থাকার কথা থাকলেও আমাদের এখানে একজন করে শিক্ষকও নেই। স্থানীয় সাংসদের সুপারিশসহ এ সংক্রান্ত আবেদন করেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া পাচ্ছি না। কখনো কখনো কাউকে এখানে নিয়োগ দেওয়া হলেও তাঁরা তদবির করে বদলি নিয়ে চলে যান। তাই বাধ্য হয়ে শিক্ষক ধার করতে হচ্ছে। এ ছাড়া সীমানাপ্রাচীর নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। মূলত শিক্ষক-সংকট ও মেধাবী শিক্ষার্থী ভর্তি না হওয়ায় এখানকার ফলাফল ততটা ভালো হচ্ছে না। স্থানীয় সাংসদ জুনাইদ আহমেদ কলেজের নানা সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘সব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি ইতিমধ্যে ডিও লেটার দিয়েছি। আশা করছি অচিরেই সমস্যার সমাধান হবে।’