কুমিল্লা শহরের ভাটপাড়া এলাকার বাসিন্দা কলেজশিক্ষক এ কে এম মশিউল আলমকে (৪৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের মৌলভীপাড়ার চৌমুহনী সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। চার সন্তানের পিতা মশিউল আলম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লা শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকছিরুল বাশার ওরফে সোহাগকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোহাগ কুমিল্লা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর নামে ২৬টি মামলা আছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মশিউল আলম শুক্রবার রাত সোয়া নয়টার দিকে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের মুন্সেফবাড়ির কার্যালায় থেকে বের হন। তিনি ও তাঁর তিনজন সহযোগী দুটি মোটরসাইকেলে ভাটপাড়ার বাসায় ফিরছিলেন। পথে মৌলভীপাড়ার চৌমুহনী এলাকায় পৌঁছালে কাউন্সিলর সোহাগের নেতৃত্বে সেখানে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। সামনের মোটরসাইকেলে থাকা মোশাররফ হোসেন ও কাজল মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। তবে পেছনের মোটরসাইকেলে থাকা মশিউল আলম ও ইরান মিয়াকে আটকে ফেলে দুর্বৃত্তরা। তারা ধারাল অস্ত্র দিয়ে মশিউল আলমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ইরান মিয়া দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও কোপানো হয়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।ঢাকায় নেওয়ার পথে রাত একটার দিকে মশিউল আলম মারা যান। ইরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মশিউল আলমের স্ত্রী শাহনাজ পারভীন গতকাল শনিবার বিকেলে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। এতে কাউন্সিলর সোহাগসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। শাহনাজ পারভীন প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক কারণে আমার স্বামীকে খুন করা হয়েছে। গত সংসদ নির্বাচনে সাংসদ আ ক ম বাহাউদ্দিনের পক্ষে কাজ করায় বিএনপির নেতা সোহাগ বিষয়টি ভালোভাবে নেননি। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’ গতকাল বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর স্থানীয় মাঠে জানাজা শেষে মশিউলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অভিযোগের ব্যাপারে জানতে কাউন্সিলর সোহাগের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়, কিন্তু তা বন্ধ পাওয়া যায়। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলর সোহাগের বিরুদ্ধে ২৬টি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। তাঁর নেতৃত্বে ওই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পিটার নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’