কলেজে ভর্তির নীতিমালা প্রকাশ
মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এবারও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। তাই কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে হবে না। এই নির্দেশসংবলিত একটি নীতিমালা আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে।এদিকে ১ জুলাই থেকে উচ্চমাধ্যমিকের ক্লাস শুরু করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এ জন্য শিক্ষার্থীদের ২৮ জুনের মধ্যে ব্যাংক ড্রাফট দ্বারা (বিলম্ব ফি ছাড়া) কলেজে ভর্তি হতে হবে। তবে বিলম্ব ফি দিয়ে ২১ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।মন্ত্রণালয়ের প্রকাশিত নীতিমালায় বলা হয়, কলেজে ভর্তির ক্ষেত্রে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সব বিষয়ের পয়েন্ট ধরা হবে ৪৩। এভাবে ক্রমান্বয়ে ৪০ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।একই ফলাফলকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে ৫ পয়েন্ট পাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। তাতেও সমস্যা দেখা দিলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ ও রসায়ন বিষয়ের গ্রেড পয়েন্ট অনুযায়ী অগ্রাধিকার দিতে হবে। একইভাবে মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের অর্জিত পয়েন্ট বিবেচনায় আনা হবে।এক বিভাগের শিক্ষার্থী যদি অন্য বিভাগে ভর্তি হতে চায় এবং আরেক শিক্ষার্থীর সঙ্গে তার পয়েন্ট সমান হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে অর্জিত পয়েন্ট অনুযায়ী ভর্তি করা হবে। তাতেও যদি সমস্যা দেখা দেয়, তবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করে তাদের মেধাক্রম সংগ্রহ করে শিক্ষার্থী বাছাই করতে হবে।শিক্ষা বোর্ড কম্পিউটার কেন্দ্রের যেকোনো নির্দেশনা www.educationboard.gov.bd ও www.dhakaeducationboard.gov.bd এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। ই-মেইলে যোগাযোগ করার জন্য [email protected] এই ঠিকানা ব্যবহার করতে হবে।নীতিমালায় যাই থাকুক না কেন, নিজস্ব প্রতিষ্ঠানে হতে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। সমান মেধাসম্পন্ন প্রার্থীর বাছাইয়ের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রাধিকার দিতে হবে।বিভাগীয় ও জেলা সদরের কলেজগুলো ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের ৮৮ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং বাকি ১২ শতাংশ আসনের মধ্যে ৭ শতাংশ বিভাগীয় সদরের বাইরের যেকোনো অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ও ৫ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তান বা পোষ্যদের জন্য জন্য সংরক্ষিত থাকবে।২০০৮, ২০০৯, ২০১০ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। সব প্রতিষ্ঠানে একযোগে ১৭ জুন মনোনীত প্রার্তীদের তালিকা প্রকাশ করা হবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র ও প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র দাখিল করতে হবে।তবে প্রার্থী অন্য কোনো কলেজে ভর্তি হতে চাইলে, তার ভর্তি বাতিল করে জমা করা মূল ট্রান্সক্রিপ্ট ফেরত দেওয়া হবে।কলেজ কর্তৃপক্ষকে ভর্তিসংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ভর্তির সব কার্যক্রম যথাসম্ভব অনলাইনে করতে হবে। কারিগরি শিক্ষার ডিপ্লোমার কোর্সগুলো ভর্তির ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বরের লিখিত পরীক্ষা ও ৫০ শতাংশ নম্বরের জিপিএ ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির আবেদন ফর্ম বাবদ ১০ টাকা ও ভর্তি ব্যবস্থাপনাবাবদ ৫০ টাকা গ্রহণ করা যাবে। ভর্তির সময় শিক্ষা বোর্ড অনুমোদিত রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, ক্রীড়া ফি ২৫ টাকা, রোভার স্কাউট বা গার্ল গাইডস ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৫ টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি সাত টাকা, শাখা বা বিষয় পরিবর্তন ফি ২৫ টাকা নেওয়া হবে। পাঠবিরতি ফি ১০০ টাকা ও বিলম্ব ভর্তি ফি ৫০ টাকা।