কলেরা নিয়ে হাইতির রাজধানীতে বিক্ষোভ
কলেরা রোগ ছড়িয়ে পড়া নিয়ে হাইতির বিভিন্ন অঞ্চলে চলতে থাকা বিক্ষোভ দেশটির রাজধানী পোর্ট অ প্রিন্সেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন অংশে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথরও ছুড়ছে।দেশটির উত্তরাঞ্চলে গত সোমবার প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে শান্তিরক্ষীদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়।হাইতির অনেকে দেশটিতে কলেরা ছড়িয়ে পড়ার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে দায়ী করছে। তাদের অভিযোগ, এ বাহিনীর নেপালি সদস্যরা দেশটিতে কলেরার জীবাণু ছড়িয়েছেন। জাতিসংঘ অবশ্য এ অভিযোগ নাকচ করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবারও হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত গোলাগুলির শব্দ শোনা গেছে। শত শত তরুণ রাজপথে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা শান্তিরক্ষীদের হাইতি থেকে চলে যাওয়ার জন্য স্লোগান দেয়।গত মাসের শেষের দিকে হাইতির মধ্যাঞ্চলে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর তা হাইতির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কলেরায় আক্রান্ত হয়ে দেশটিতে প্রায় এক হাজার ১০০ লোক প্রাণ হারিয়েছে। এ ছাড়া কমপক্ষে ১৭ হাজার লোক এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ দাতাদের কাছে অর্থ সাহায্য চেয়েছে। বিবিসি।